বিপিএল শুরুর আগে বিচ্ছেদের সুর

স্পোর্টস রিপোর্টার

বিপিএল শুরুর আগে বিচ্ছেদের সুর

বিপিএলে কোন সময় কোন বিদেশি ক্রিকেটার আসেন এবং চলে যান- সেই খবরটা পাওয়া খানিকটা দুষ্কর। কারণ, ফ্রাঞ্চাইজিগুলো পুরো মৌসুমের চেয়ে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে ম্যাচভিত্তিক। বিপিএলের সময় একই সঙ্গে চলে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি। প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগব্যাশও চলে। এতগুলো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট একই সময়ে মাঠে থাকায় দলগুলোর জন্য পুরো মৌসুমের জন্য বিদেশি ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে পড়ে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এমন কী সুযোগ পাওয়ার পরও খেলতে না আসার ঘটনাও ঘটবে এবার।

বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে আফগানিস্তানের তরুণ স্পিনার মোহাম্মদ গজনফারকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। ১৮ বছর বয়সি অলরাউন্ডার টেস্ট দলে ডাক পাওয়ায় আপাতত জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলছেন আফগানদের জার্সিতে। সাদা পোশাকের ওই সিরিজ শেষে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি খেলতে আবুধাবি নাইট রাইডার্সে যোগ দিবেন। সে কারণে তার বিপিএলে খেলা হচ্ছে না। বিষয়টি এরই মধ্যে জানিয়ে দিয়েছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত মৌসুমে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলা সাইম আইয়ুবকে দলে ভেড়ায় নবাগত ঢাকা ক্যাপিটালস। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা এই ওপেনারকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডেকেছে পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে ওই সিরিজ শেষ হবে আগামী ৭ জানুয়ারি। এরপর ৮ দিনের বিরতিতে পাকিস্তান ফের মাঠে নামবে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে। টানা আন্তর্জাতিক ব্যস্ততার কারণে সাইম আইয়ুবেরও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা অনেকটা অনিশ্চিত বলেই ধরে নেওয়া যায়।

এর মধ্যেও অবশ্য খানিকটা আশার আলো দেখছেন ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ। তিনি আশা করছেন, দক্ষিণ আফ্রিকা সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্যবর্তী সময়ে সাইম আইয়ুবকে পাওয়া যাবে। অন্যদিকে ফরচুন বরিশালের দক্ষিণ আফ্রিকান রিক্রুট নান্দ্রে বার্গারকে বিপিএলে পাওয়া যাবে না। পিঠের ইনজুরির কারণে তাকে বিপিএলে পাওয়া যাবে না।

দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের আগে পিঠের ইনজুরি কারণে টেস্টে তার খেলা হয়নি। পরে জানা যায়, পিঠের ইনজুরির কারণে লম্বা সময় মাঠে থাকতে হবে। এমন কী সে কারণে তাকে পাওয়া যাবে না এসএ টোয়েন্টির আগামী আসরে। এই টুর্নামেন্টে তার জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে খেলা হবে না। এই টুর্নামেন্টের আগে বিপিএলে খেলার কথা থাকলেও ইনজুরি তাকে খেলতে দিচ্ছে না।

গত আসরের ধারাবাহিকতায় আজমতউল্লাহ ওমরজাইকে ধরে রাখতে চেয়েছিল রংপুর রাইডার্স। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত আর পারেনি। এসএ টোয়েন্টি টুর্নামেন্টে এমআই কেপটাউনে চুক্তিবদ্ধ হয়েছেন। সে কারণে চুক্তির আগেই সরে দাঁড়ান আজমতউল্লাহ ওমরজাই।

এই চার বিদেশির মতো দুই বাংলাদেশি ক্রিকেটারকেও বিপিএল থেকে সরে যেতে হচ্ছে টুর্নামেন্ট শুরুর আগেই। জুলাই-আগস্ট বিপ্লবের পর এখনো দেশে ফিরতে পারেননি ক্ষমতাচুত্য আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ালেও শেষ পর্যন্ত তার খেলা হচ্ছে না এটা একরকম নিশ্চিত। একই পরিণতি মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তার খেলা হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...