ইংল্যান্ডকে গুটিয়ে ভারতের লিড

ইংল্যান্ডকে গুটিয়ে ভারতের লিড

লিডস টেস্টে ক্যাচ মিসের মহড়া দিয়েও লিড নিয়েছে ভারত। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৪৬৫ রানে গুটিয়ে দিয়ে ৬ রানের লিড পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে শুভমান গিলের দল। এগিয়ে ৯৬ রানে। ৪৭ রান করা লোকেশ রাহুলের সঙ্গে ৬ রানে অপরাজিত আছেন অধিনায়ক গিল।

এর আগে ২০৯ রানে ৩ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড তৃতীয় দিনের শুরুতেই ওলি পোপকে (১০৬) হারায়। তাকে ফেরান প্রসিধ কৃষ্ণ। এরপর বেন স্টোকসকে নিয়ে দলকে আড়াইশ পার করান হ্যারি ব্রুক। ২০ রান করে সিরাজের বলে ফিরে যান স্টোকসও। ক্রিজে আসেন জেমি স্মিথ। তাকে নিয়ে আগাতে থাকেন ব্রুক। ৬৫ বলে ফিফটি স্পর্শ করেন ব্রুক।

এই জুটি বড় সংগ্রহের দিকে ধাবিত হতেই প্রসিধের আঘাত। ৪০ রান করা স্মিথকে ফেরান তিনি। স্মিথের বিদায়ের পর আসেন ক্রিস ওকস। ব্রুক এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে ভাগ্য তার সহায় হলো না। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে ৯৯ রানের মাথায় তাকে থামান প্রসিধ। নার্ভাস নাইনটিজের রানের আক্ষেপ সঙ্গী হয় তার। এরপর ব্রেন্ডন কার্সও ২২ রানে ফিরে যান। ক্রিস ওকস ৩৮ করে ফেরার পর দ্রুতই একই পথ ধরেন জশ টং (১১)।

ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। এটা তার ক্যারিয়ারের চর্তুদশ ফাইফার। প্রসিধ কৃষ্ণ ৩ ও মোহাম্মদ সিরাজ দখল করেন ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল (১০১), শুভমান গিলের (১৪৭) ও পান্তের (১৩৪) সেঞ্চুরিতে পাঁচশ রানের কাছাকাছি পৌঁছাতে পারে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য অল্পতেই থামতে হয় জয়সওয়ালকে। তাকে ৪ রানে ফেরান ব্রেন্ডন কার্স। সাই সুদর্শনকে ৩০ রানে ফেরান স্টোকস।

ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে ১টি করে উইকেট নিয়েছেন কার্স ও স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: প্রথম ইনিংসে ১১৩ ওভারে ৪৭১/১০ ও দ্বিতীয় ইনিংসে ২৩.৫ ওভারে ৯০/২ (রাহুল ৪৭, সুদর্শন ৩০; স্টোকস ১/১৮, কার্স টং ১/২৭)
ইংল্যান্ড: প্রথম ইনিংসে ৯৬ ওভারে ৪৫৩/৮ (পোপ ১০৬, ব্রুক ৯৯, ডাকেট ৬২; বুমরাহ ৫/৮৩, প্রসিধ ৩/১২৮)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন