বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসের পরই ম্যাচের ভবিষ্যত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ব্যাটিং ব্যর্থতায় তৈরি হওয়া সে ধারণা মিথ্যে প্রমাণের জন্য দ্বিতীয় ইনিংসে দারুণ দৃঢ়তা দেখাতে হতো সফরকারীদের। সেটা করে দেখাতে পারেনি তারা। ফল; চারদিনের একমাত্র ম্যাচে সাইথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’।
ডারউইনে প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’। জবাবে জেসন সাংঘার দুর্দান্ত শতকে সাইথ অস্ট্রেলিয়া থামে ৩৮০ রানে। ১৪৩ রানের ইনিংস খেলেন সাংঘা। হ্যারি নিলসেনের অবদান ৮৬ রান। ২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’।
১০৬ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে তারা। সাউথ অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামানোর জন্য আরো ১৬০ রান করতে হতো বাংলাদেশ ‘এ’ দলকে। এই সমীকরণ মেলাতে পারেনি অতিথিরা। এ যাত্রায় তারা অলআউট হয়েছে ২৫৪ রানে।
আগের দিনের সঙ্গে আর মাত্র ৭ রান করে বিদায় নেন শাহাদাত হোসেন (৪৯ রান)। ইয়াসির আলী রাব্বি ফেরেন ব্যক্তিগত ৩৬ রানে। প্রতিরোধ গড়েছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদরা। এরা সবাই উইকেটে সেট হয়ে আউট হন। ৪২ রান করেন মুরাদ। এছাড়া অঙ্কন ৩২ ও নাঈমের ব্যাট থেকে আসে ২৫ রান। বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পথে ৩ উইকেট নেন বার্কিংহ্যাম।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ : প্রথম ইনিংস: ১১৪/১০ ও দ্বিতীয় ইনিংস: ২৫৪/১০- ৮৩.৩ ওভার (ইফতেখার ৩৫, শাহাদাত ৪৯, ইয়াসির ৩৬, মুরাদ ৪২; বাকিংহ্যাম ৩/৫২, জ্যাকবস ২/৩৫)
সাউথ অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস: ৩৮০/১০- ১০০.৪ ওভার (সাংঘা ১৪৩, নিলসেন ৮৬, থর্নটন ৪৬; হাসান ২/৬৮, এনামুল ৩/৬১, মুরাদ ৩/৭৮)।
ফল: সাউথ অস্ট্রেলিয়া ইনিংস ও ১২ রানে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

