টি-টোয়েন্টিতে ১৩ হাজারি ক্লাবে বাটলার

টি-টোয়েন্টিতে ১৩ হাজারি ক্লাবে বাটলার

টি-টোয়েন্টিতে জস বাটলারের বেশ সুনাম রয়েছে। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার বেশ চাহিদা। তাতে রানের ফোয়ারাও ছুটিয়েছেন বেশ। বিশ ওভারের ক্রিকেটে এবার নতুন মাইলফলক স্পর্শ করলেন এই ইংলিশ ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ১৩ হাজার রান ছুঁয়েছেন বাটলার।

ইংল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের সীমানা ছুঁয়েছেন তিনি। ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইয়র্কশায়ারের বিপক্ষে ৮ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৭৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলার পথে এই অর্জনে নাম লেখান বাটলার।

ইংলিশ ব্যাটারদের মধ্যে তার আগে ১৩ হাজারি ক্লাবে নাম লেখান অ্যালেক্স হেলস। ৪৯৯ ইনিংসে হেলসের রান ১৩ হাজার ৮১৪। হেলসের চেয়ে ৬৮ ইনিংস কম খেলেছেন বাটলার। ৪৩১ ইনিংসে বাটলারের রান এখন ১৩ হাজার ৪৬।

এই তালিকায় বাটলারের পাশে আরও আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও ক্রিস গেইল। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে গেইল। আর কারো ১৪ হাজার রান নেই।

বাটলারের রেকর্ডের ম্যাচে জয় পায় তার দল ল্যাঙ্কাশায়ার। তার ৭৭ রানের ইনিংসে ভর করে ১৭৪ রানের পুঁজি গড়ে দল। এরপর দারুণ বোলিংয়ে ২১ রানের জয় পায় ল্যাঙ্কাশায়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন