ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে পুরো বিশ্বেই প্রতিবাদের ঝড় উঠেছে। এই প্রতিবাদে সংহতি জানালেন বাংলাদেশের সাবেক-বর্তমান ফুটবলাররাও। ফিলিস্তিনের জন্য মন কাঁদছে তাদের। যেভাবে নারী-শিশুসহ গণহত্যা চলছে ফিলিস্তিনে, তা মেনে নেওয়া যায় না বলে জানান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। তিনি আমার দেশকে বলেন, ‘বহুবার বলা হয়েছে এটি দীর্ঘদিনের সমস্যা। যেভাবে রমজানে এবং এখন সিভিলিয়ানদের হত্যা করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। নিরীহ জনগণের ওপর, বাসভবন, অফিসে হামলা এবং শিশুদের যেভাবে মেরে ফেলা হচ্ছে- এটা হতে পারে না। যেসব দৃশ্য দেখা যাচ্ছে, সেসব এতটাই মর্মান্তিক ও দুঃখজনক যে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’ তিনি আরো বলেন, ‘একযোগে যদি মুসলিম বিশ্ব এর প্রতিবাদ করে, তাহলে ইসরাইল তাদের আগ্রাসন বন্ধ হতে পারে। দেখুন, আগে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল। ইসরাইল যুদ্ধবিরতিও মানে না। বৃহৎ রাষ্ট্রগুলো যদি এক হয়ে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়, তাহলে এ সমস্যার সমাধান হতে পারে।’
ফিলিস্তিনের জন্য ভালো দিনের আশায় আছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিলিস্তিন ফুটবল দলের সঙ্গে বাংলাদেশ ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে জামাল লিখেছেন, ‘প্রতিদিন তোমরা আছো আমাদের হৃদয়ে ও মনে। ভালো দিনের জন্য দোয়া করছি।’
অন্যদিকে, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মনে করেন, একজন মুসলমান হিসেবে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। তিনি আমার দেশকে বলেন, ‘একজন মুসলমান হিসেবে এ বিষয়ে আমাদের প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ যদি এখন না করা হয়, তাহলে পরবর্তীতে আরো এমন ঘটনা ঘটবে। আমাদের ইসলাম ধর্মেই আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বিষয়টি। একজন মুসলমান হিসেবে প্রত্যেককেই প্রতিবাদ করা উচিত। পুরো পৃথিবীর মুসলমান এক হয়ে সবাই প্রতিবাদে নেমে আসুক। আমি একজন মুসলিম হিসেবে প্রার্থনা করি, আল্লাহতায়ালা যেন ফিলিস্তিনের প্রতি রহমত নাজিল করেন।’ ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার দেওয়ান হামজা চৌধুরী। বাংলাদেশের আলোচিত এই প্রবাসী ফুটবলার এ বিষয়ে সব সময় প্রতিবাদ জানিয়ে আসছেন। ইংল্যান্ডে ফিলিস্তিনের পতাকা নিয়ে ফুটবল মাঠে নামা, হাতে ফিলিস্তিনের পতাকা সংবলিত ব্রেসলেট পরতে দেখা যায় হামজাকে। কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে হামজা লিখেছেন, ‘ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা’। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরতায় যে এই ফুটবলারের মন কাঁদছে, সেটি বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, জাতীয় দলের ফুটবলার তকলিস আহমেদ নিজের ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা দিয়ে লিখেছেন, ‘আল্লাহ প্যালেস্টাইকে রক্ষা করুন’।
গতকাল ইসরাইলের বিরুদ্ধে বাংলাদেশে যে প্রতিবাদের ঝড় উঠেছে, জাতীয় দলের তারকা মিডফিল্ডার সোহেল রানা সেই প্রতিবাদের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘ফ্রম দ্য রিভার টু সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’। এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ফেসবুকে লিখেছেন, ‘ফ্রি প্যালেস্টাইন’।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

