দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন স্বাগতিকদের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। সফরকারীদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
প্রথম টি-টোয়েন্টির একাদশে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। সবাইকে অবাক করে দিয়ে ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হয়েছেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া একাদশে নেই রিশাদ হোসেন ও নাহিদ রানা। বিমানবন্দরে প্রায় আড়াইদিন আটকে থাকা রিশাদ ও নাহিদের জায়গা হয়নি মূলত বিশ্রামে থাকার কারণে।
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘উইকেট দারুণ। আগে ব্যাট করলে এখানে বড় স্কোর করতে হবে। আমার বিশ্বাস দ্বিতীয় ইনিংসে উইকেট খানিকটা ধীর হবে।'
অন্যদিকে টস জিতে ফিল্ডিংয়ে স্বাগতিক অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আমরা বাংলাদেশকে ১৪০-১৫০ রানের মধ্যে আটকে রাখতে চাই। উইকেট সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। কারণ, আমরা এই উইকেটে খেলে অভ্যস্ত।’
দুই দলের একাদশ:
বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
আরব আমিরাত: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), জোহাইব খান, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাসার, সঞ্চিত শর্মা, মোহাম্মদ জোহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াদ উল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

