বাংলাদেশ-ভারতে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

২০৩১ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। খবরটি পুরোনো। কিন্তু টুর্নামেন্টের দিন-তারিখ ছিল অজানা। অবশেষে আইসিসি জানিয়ে দিয়েছে সেটা। ক্রিকেটের এই বৈশ্বিক আসরের পর্দা উঠবে আগামী বছরের ৯ অক্টোবর। আর ফাইনাল দিয়ে এক দিনের ক্রিকেটের মহাযজ্ঞের পর্দা নামবে ২৩ নভেম্বর। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পর এ টুর্নামেন্ট আবারও উপমহাদেশে ফিরবে।

২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের সবকটি বড় বৈশ্বিক টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি। নতুন সূচিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আইসিসির চারটি প্রধান ইভেন্ট—ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম আসর। টুর্নামেন্টটি চলবে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। পরে ২০৩০ সালের আসর বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। এছাড়া ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচিও নিশ্চিত করেছে আইসিসি; তবে ওই দুই আসরের আয়োজক দেশ এখনো চূড়ান্ত হয়নি।

এ ছাড়া ২০৩৫ সালের ওয়ানডে বিশ্বকাপও অক্টোবর-নভেম্বর উইন্ডোতে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যার আয়োজক দেশ বিষয়ে পরে চূড়ান্ত হবে।

অন্যদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে এ আসর। পরের আসর বসবে ২০৩৩ সালের অক্টোবরে।

আগের নিয়ম অনুযায়ী প্রতি দুবছর পরপর জুন মাসে হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে ইংল্যান্ড। তবে ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনাল কোথায় হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন