শাস্তি পেলেন সিলস

শাস্তি পেলেন সিলস

বার্বাডোজ টেস্টে বল হাতে ছড়ি ঘুরাচ্ছেন জেডন সিলস। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তার শিকার একটি। বল হাতে দারুণ সময় কাটালেও আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন এই পেসার।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৮০ রানে গুঁড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট নেওয়ার পথে সফরকারী দলের অধিনায়ক প্যাট কামিন্সকেও সাজঘরের পথ দেখান সিলস। তার করা ইনিংসের ৫৫তম ওভারে ক্রেইগ ব্রাথওয়েটের হাতে ধরা পড়েন কামিন্স।

বিজ্ঞাপন

১৮ বলে ২৮ রান করা কামিন্সকে আউটের পর ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করেন সিলস। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ব্যাটসম্যানকে আউট করার পর অবমাননাকর ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা অন্যায়। যা আইসিসির আচরণবিধি অনুসারে, ২.৫ অনুচ্ছেদ ভঙ্গের সামিল। এই কাজ করায় সিলসকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ নিয়ে গত ২৪ মাসের মধ্যে দুটি ডিমেরিট পয়েন্ট পেলেন সিলস।

যদিও সিলসের দাবি, আচরণবিধি ভঙ্গের মতো কোনো কাজ করেননি তিনি। ম্যাচ শেষে এই বোলার বলেন, ‘কামিন্স আমার বলে কয়েকটি ভালো শট খেলেছিল। আউটের পর আমি তাকে কেবলমাত্র ড্রেসিং রুম দেখিয়েছিলাম। এটা আসলে বাজে বা আক্রমণাত্মক কিছু ইঙ্গিত করে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন