এশিয়ান গেমসের তৃতীয় দিনে বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা ছিল কাবাডি। সকালে দক্ষিণ কোরিয়া ও বিকেলে চাইনিজ তাইপেকে হারিয়ে জোড়া জয় পেয়েছে বাংলাদেশ। তবে কাবাডির সাফল্যের বিপরীতে অন্য ডিসিপ্লিনগুলোতে দিনটি কেটেছে হতাশায়।
ব্যাডমিন্টনে আয়মান ইবনে জামান, গৌরব সিংহ ও আল আমিন জুমার; তিনজনই এককে সরাসরি ৩-০ ব্যবধানে হেরেছেন। ফলে দ্বৈতের ম্যাচেও নামা হয়নি বাংলাদেশের দুই জুটির। জার্সি নিয়ে আলোচনায় থাকা আয়মান ইউনেক্সের সঙ্গে কথা বলে নতুন জার্সির ব্যবস্থা করেছেন।
কারাতে পুরুষদের ৬৭ কেজিতে মনিরুল ইসলাম ৮-৩ পয়েন্টে কাতারের ইয়ামান আলনাতশেহরের কাছে এবং নারী ৬১ কেজিতে হুমায়রা আক্তার অন্তরা ৯-১ পয়েন্টে কাজাখস্তানের কানায় আসেলের কাছে হেরেছেন। টেবিল টেনিসে উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশের তিন নারী খেলোয়াড়ই ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছেন।
শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে উঠতে পারেননি অর্ণব শারার লাদিফ, রবিউল ইসলাম ও রাব্বি হাসান মুন্না। সাঁতারে ৫০ মিটার ফ্রিস্টাইলে মোহাম্মদ ইসলাম হয়েছেন নিজের হিটে ষষ্ঠ। উশুর তাইজিয়াকুয়ান ও তাজিজিয়ানে রুদ্র বিপ্লব ৯.০৫৩ পয়েন্ট নিয়ে ১৫ জনের মধ্যে ১৫তম হয়েছেন।
নারী হকিতে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে চীনের কাছে হার ছিল ১৩-০। অন্যদিকে, বাংলাদেশের একমাত্র জিমন্যাস্ট রাজীব চাকমাও এদিন প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

