জয়ের ধারায় ফিরল আর্সেনাল

জয়ের ধারায় ফিরল আর্সেনাল

চনমনে হয়ে মাঠে নামল আর্সেনাল। ম্যাচজুড়ে খেললো দাপুটে ফুটবল। তাতে দুই অর্ধে দুটি চমৎকার গোল করলেন মার্টিন সুবিমেন্দি। জালের দেখা পেলেন ভিক্তর ইয়োকেরেশও। আর তাতেউ নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে জয়ের পথে ফিরল মিকেল আর্তেতার দল।

ম্যাচের প্রথম গোলটি ছিল চোখধাঁধানো। ৩২তম মিনিটে আর্সেনালের কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি সফরকারীরা। বক্সের বাইরে থেকে সুবিমেন্দির বুলেট গতির ভলি প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োকেরেশ। বক্সের ডান দিক থেকে পাস দিয়েছিলেন এবেরেচি এজ। ছুটে গিয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেশ। এ নিয়ে আর্সেনালের জার্সিতে তার গোল হলো তিনটি।

৭৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সুবিমেন্দি। লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রসে বক্সে লাফিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

এই জয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে ফিরলো আর্সেনাল। লিগে প্রথম দুই ম্যাচে জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিভারপুলের মাঠে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। ফের জয়ে ফিরে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল তারা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন