বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক নতুন নয়। হাঁটি হাঁটি পা করে সেই সম্পর্ক পৌঁছে গেছে ৫০ বছরে। এই উপলক্ষ্য দুই দেশের মধ্যে আয়োজিত হতে যাচ্ছে একটি প্রদর্শনী ম্যাচ। বাংলাদেশ ও চীন নারী ফুটবল দল মুখোমুখি হবে এই ম্যাচে। ২০ সেপ্টেম্বর (শনিবার) জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে।
এ উপলক্ষে আজ ঢাকায় এসে পৌঁছেছে চাইনিজ ইউনিভার্সিটিজ ফুটবল উইমেন্স ইউনাইটেড দল। আগামী ২০ সেপ্টেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে দুদলের ম্যাচটি। চীনের বিশ্ববিদ্যালয়ের দলটির বিপক্ষে বাফুফে বেশির ভাগ অনূর্ধ্ব-১৭ মেয়েদের দিয়েই দল গড়বে। কারণ সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। আগামী বছর নারী অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ হবে চীনে। এর আগে আগামী মাসে বাছাই পর্ব রয়েছে। বাংলাদেশ খেলবে জর্ডানে। প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে।
মূলত বন্ধুত্বসুলভ সম্পর্ক আরো দৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি নারী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে চীন সহায়তা করবে।
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, প্রাচীন সিল্ক রোড দুই দেশকে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। ১৯৭৫ সালের ৪ অক্টোবর চীন ও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। অর্ধশতাব্দী ধরে উভয় দেশ একে অপরকে সমর্থন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, টেকসই উন্নয়ন, প্রযুক্তি ও পরিবেশ রক্ষাসহ নানামুখী খাতে যৌথ সহযোগিতা করে আসছে, যার ফলে দুই দেশই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী ও বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে সক্রিয় ভূমিকা রাখছে।
মেগা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের মাধ্যমে চীন বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে।এই বহুমাত্রিক অংশীদারিত্বের ফলে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং হৃদ্যতা আরও গভীর হয়েছে। ব্যবসা, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং গণমাধ্যম সংযোগ ক্রমশ বাড়ছে, যা দুই দেশের বন্ধুত্বকে আরও আন্তরিক ও টেকসই করে তুলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

