বড় একটা ধাক্কাই খেলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিল করার মামলায় তাদেরকে প্রায় ৫৩৯ কোটি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
কোচির স্বত্বাধিকারী ছিলো কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড এবং রন্দেভু স্পোর্টস। বোম্বে হাই কোর্টের রায় অনুযায়ী, এই দুই প্রতিষ্ঠানের মধ্যে কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডকে ৩৮৫ কোটি ৫০ লাখ রুপি ও রন্দেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে ১৫৩ কোটি ৫৪ লাখ রুপি দিতে হবে বিসিসিআইয়ের।
অবশ্য এই রায়ের বিরুদ্ধেও আপিল করার সুযোগ পাবে ভারতীয় বোর্ড। এজন্য তাদের সামনে সময় আছে ছয় সপ্তাহ। এরপর আপিল না হলে বিরাট অংকের জরিমানাই দিতে হবে ভারতের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাকে।
এর আগে, ২০১৫ সালেও ভারতীয় বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল ৫৫০ কোটি রুপি জরিমানা দিতে। তবে জরিমানার অর্থের বদলে তখন আইপিএলে আবার অংশগ্রহণের সুযোগ চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেটা না হওয়ায় এবারও প্রায় একই পরিমাণ অর্থ জরিমানা করা হলো।
উল্লেখ্য, ২০১১ সালে আইপিএলে প্রথম অংশ নেয় কোচি। সেটিই ছিল শেষবারও। ওই বছরের সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজটির চুক্তি বাতিল করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফির ১০ শতাংশ (১৫৬ কোটি রুপি) জমা দেওয়ার নিয়ম না মানায় তাদের চুক্তি বাতিল করা হয়েছিল। সেই থেকে দুই পক্ষের আইনি লড়াই চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

