এএইচএফ কাপ হকি

কাজাখস্তানকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ

কাজাখস্তানকে হারিয়ে তৃতীয় বাংলাদেশ

স্বপ্নটা ছিল অনেক বড়। শিরোপা অক্ষুণ্ণ রাখা। দারুণ পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া। জয়রথে ছুটে এশিয়া কাপের টিকিট কাটা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। এএইচএফ কাপ হকিতে নিজেদের মিশনে বাংলাদেশ পর্দা টানল তৃতীয় সেরা হয়ে।

বিজ্ঞাপন

জাকার্তায় আজ রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৩-০ গোলে ধরাশায়ী করেছে দেশের ছেলেরা। প্রথমে লাল-সবুজের প্রতিনিধিদের লিড এনে দেন আশরাদ হোসেন। পরে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান আশরাফুল ইসলাম। দলকে তৃতীয় গোল এনে দেন রাকিবুল হাসান।

এএইচএফ কাপ হকির গত চার আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২২ সালের মতো এবারও অভিন্ন মিশন নিয়ে ইন্দোনেশিয়ায় গিয়েছিল দেশের হকি খেলোয়াড়রা। সব কিছু ঠিকঠাকই ছিল। মিশন এগিয়ে যাচ্ছিল পরিকল্পনা মাফিক।

পুল পর্বে অজেয় চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে নাম লেখানোর দুয়ারে ছিল দল। কিন্তু দুর্ভাগ্য! ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে দেশের ছেলেদের হৃদয় ভেঙে দেয় ওমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন