৭৪৩ রানের রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের জয়

৭৪৩ রানের রোমাঞ্চকর ম্যাচে নেদারল্যান্ডসের জয়

আইসিসির সহযোগী দেশগুলো প্রায়ই চমক লাগার মতো খেলা উপহার দেয়। আরেকবার চমক উপহার দিলো স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। আইসিসি বিশ্বকাপের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৭৪৩ রানের জমজমাট ম্যাচে ৩৭০ রান তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জিতল নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জুন) টস জিতে ব্যাট করতে নেমে জর্জ মুনসের ১৯১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬৯ রান করে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে ম্যাক্স ও'দাউদের অপরাজিত ১৫৮ রানের ইনিংসে ভর করে ৪ বল হাতে রেখেই ৪৯.২ ওভারে ৩৭৪ রান করে জিতে যায় নেদারল্যান্ডস।

স্কটল্যান্ড টস জিতে ব্যাটিং বেছে নিলে শুরু থেকেই ঝড় তোলেন বাঁহাতি ওপেনার মুনসে। মাত্র ১৫০ বলে ২০টি চার ও ৯টি ছয়ে করেন ১৯১ রান। যা আইসিসির সহযোগী দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। তিনি পেছনে ফেলেন ২০১০ সালে পল স্টার্লিংয়ের ১৭৭ রানের রেকর্ড।

মুনসে ছাড়া স্কটল্যান্ডের আর একজনই বড় ইনিংস খেলেন। অধিনায়ক ম্যাথিউ ক্রস করেন ৫৯ রান। শেষ পর্যন্ত ইনিংসে ১০ বল বাকি থাকতেই আউট হন মুনসে। তাদের ১৫০ রানের পঞ্চম উইকেট জুটিতে স্কটিশরা পায় ৩৬৯ রানের পাহাড়সম স্কোর।

জবাব দিতে নেমে ডাচদের হয়ে ঝড় তোলেন ও'দাউদ। ১৫৮ রানের ইনিংসটি ছিল নিখুঁত পরিকল্পনা আর পরিস্থিতির দারুণ মিশেলের ফল। তিনি চারটি জুটিতেই ম্যাচ ছিনিয়ে নেন।

প্রথমে মাইকেল লেভিটের সঙ্গে ৬৭ রান, এরপর স্কট এডওয়ার্ডসের সঙ্গে ৬৮, ওয়েসলি বারেসির সঙ্গে কিছুটা, আর শেষ দিকে তেজা নিদামানুরু ও নোয়া ক্রোসের সঙ্গে গড়া জুটিতে স্কটল্যান্ডের আশাকে শেষ করে দেয় দীর্ঘদেহী ব্যাটার।

নিদামানুরু করেন ৫১, আর ক্রোস খেলেন ২৯ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। ও'দাউদ ম্যাচ শেষ করেন ঝড়ো স্টাইলে। চার বল বাকি থাকতেই বিশাল একটি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনিই।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড: ৩৬৯/৬ (জর্জ মুনসে ১৯১, ক্রস ৫৯; আরিয়ান দত্ত ২/৬৯)

নেদারল্যান্ডস: ৩৭৪/৬ (ম্যাক্স ও'দাউদ ১৫৮*, ক্রোস ৫০: সাফওয়ান ৩/৬২)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন