শোয়েব আখতার ক্রিকেট ছেড়েছেন বহু আগে। তবে আবারও দেশের টানে মাঠে নামতে হলো তাকে। পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহে একটি প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সেখানেই খেলেন শোয়েব। তবে মাঠে নেমে সুবিধা করতে পারেননি এই গতি তারকা। তার এক ওভারে একটি ছক্কা ও তিনটি চারে ১৮ রান নিয়েছেন বাবর আজম।
পেশাওয়ারে শনিবার বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশাওয়ার জালমি মুখোমুখি হয় লেজেন্ডস একাদশের। সাবেকদের দলটিকে নেতৃত্ব দেন ইনজামাম-উল-হাক। ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল শোয়েব আখতার ও বাবর আজমের মুখোমুখি লড়াই। ৫০ বছর বয়সী শোয়েবের করা ওই ওভারে ১৮ রান নেন বাবর।
শোয়েবের করা ওভারের প্রথম বলটিতে কোনো রান আসেনি। পরের ডেলিভারিতে ছক্কা হাঁকান বাবর। তৃতীয় ও চতুর্থ বল দুটিও ছিল লেগ সাইডে, আলগা বলে চার মারেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। পঞ্চম ডেলিভারিতে বল আকাশে উঠেনো ম্যানস ল্যান্ডে পড়ায় বেচে যান বাবর। ওভারের শেষ বলে পূর্বসূরিকে আরেকটি চার মারেন বাবর। ম্যাচে ৬ রানে হেরে যায় লেজেন্ডস একাদশ। ১৫ ওভারে বাবরের দল তোলে ১৪৪ রান। জবাবে ১৩৮ রানে থামে লেজেন্ডস।
ক্রিকেট ইতিহাসে গতির জন্য পরিচিত ছিলে শোয়েব। ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বলটি করার রেকর্ড তার। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বেগে বল করেছিলেন তিনি। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট ৪৪৪টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

