বদলে গেছে ক্লাব বিশ্বকাপ। তাই তো ক্লাব ফুটবলের বিশ্বমঞ্চ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল অনুরাগীদের। নতুনভাবে মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল দুনিয়ার সেরা ক্লাবগুলোর বহুল কাঙ্ক্ষিত আসরটি। সব প্রস্তুতি শেষ ফিফার। এবার ক্লাব ফুটবলের মহাযজ্ঞের রোমাঞ্চ, উত্তেজনা, উচ্ছ্বাস, উত্তাপ আর উন্মাদনার জোয়ারে ভেসে যেতে আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা ফুটবলপ্রেমীদের। যুক্তরাষ্ট্রের মাটিতে আগামীকালই পর্দা উঠতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের। নান্দনিক ফুটবলপিপাসুর সামনে মাহেন্দ্রক্ষণটি ধরা দেবে বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায়।
আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির ম্যাচ দিয়ে শুরু হবে নবরূপে সাজা ক্লাব বিশ্বকাপ। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিয়ামি মুখোমুখি হবে মিসরীয় ক্লাব আল-আহলির। ছয়টি কনফেডারেশন থেকে ৩২টি দল অংশ নিতে যাচ্ছে এ আসরে। ক্লাব ফুটবলের বৈশ্বিক মঞ্চে ইন্টার মিয়ামি ও আল-আহলির সঙ্গে এ গ্রুপে লড়বে এফসি পোর্তো আর পালমেইরাস।
ঘরোয়া ও মহাদেশীয় ফুটবলে দেখিয়ে যাওয়া আধিপত্যই এবার বৈশ্বিক মঞ্চে দেখানোর পালা আল-আহলির। মিসরীয় লিগের ৪৫ বারের চ্যাম্পিয়ন রেড ডেভিলরা ক্লাব বিশ্বকাপের টিকিট কেটেছে দশমবারের মতো। ২০২০-২১, ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমের সিএএফ চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের মুকুটও জিতেছে তারা। আল-আহলি মহাদেশীয় ফুটবলের শিরোপা জিতেছে সব মিলিয়ে ১২টি। তাদের চেয়ে মহাদেশীয় ট্রফি রয়েছে এ টুর্নামেন্টে খেলতে যাওয়া কেবল রিয়াল মাদ্রিদ (১৫) ও অকল্যান্ড সিটির (১৩)।
মেজর সকার হেভিওয়েট টিম ইন্টার মিয়ামি ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে নিজেদের ঘরের মাঠে। তার ওপর গত কয়েক বছরে নিজেদের শক্তিমত্তা অনেকটা বাড়িয়ে নিয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। আমেরিকান ফুটবলে তারা এখন অন্যতম হাইপ্রোফাইল টিম। সন্দেহ নেই, মাঠের লড়াইয়ে সবার নজর থাকবে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির ওপর। বার্সেলোনার জার্সিতে তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বকাপজয়ী এ সুপারস্টারের সঙ্গে ইন্টার মিয়ামিতে খেলছেন এখন সাবেক কাতালান তারকা লুইস সুয়ারেজ, সার্জিও বুটসকেটস ও জর্দি আলবা।
মেসি থাকলেও এবারের ক্লাব বিশ্বকাপে নেই আল-নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো, লিভারপুলের মোহামেদ সালাহ, বার্সেলোনার লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডোভস্কি ও সান্তোসের নেইমার। তবে এ টুর্নামেন্টে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের আধিপত্য। দুই ফুটবল পরাশক্তির দুই শতাধিক ফুটবলার খেলতে যাচ্ছেন এবারের বিশ্বকাপে। ব্রাজিল (১৪২) ও আর্জেন্টিনার (১০৪) সঙ্গে স্পেনের ৫৪, পর্তুগালের ৪৯ ও যুক্তরাষ্ট্রের ৪৩ ফুটবলার অংশ নিচ্ছেন এ আসরে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

