ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বুধবার (১২ মার্চ) বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রুপগঞ্জ। উভয় দলই জিতেছে সমান ৮ উইকেটে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনীর সহজ জয়ের ভীত গড়ে দেন মাহফুজুর রহমান রাব্বি। তার দুর্দান্ত বোলিংয়ে আগে ব্যাট করে ১০০ রানে অলআউট হয় পারটেক্স।
সর্বোচ্চ ৩৬ রান করেন জয়রাজ শেখ ইমন। ২৩ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। আবাহনীর হয়ে ১৮ রানে ৫ উইকেট নেন রাব্বি। মোসাদ্দেক হোসেন সৈকতের শিকার দুটি। জবাবে ৮৭ বলেই জয় তুলে নেয় ধানমন্ডি পাড়ার ক্লাবটি। ৫৫ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন। অন্যপ্রান্তে ৩৭ রানে অপরাজিত ছিলেন সৈকত।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রুপগঞ্জের জয়ের ভীত গড়ে দেন বোলাররা। বিকেএসপির ৪ নম্বর মাঠে সাইফ হাসান, তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৫২ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। বাকিদের ব্যর্থতার দিনে ৮১ রানের লড়াকু ইনিংস খেলেন ওপেনার নাইম শেখ। ২০ রান এনে দেন শাহাদাত হোসেন দিপু। রুপগঞ্জের হয়ে ৪ ব্যাটারকে ফেরান সাইফ। ৩৭ রান খরচ করেন তিনি। সাকিব নেন ৩ উইকেট।
জবাবে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ফিফটিতে ২৩.২ ওভারেই জয় তুলে নেয় রুপগঞ্জ। ৬৮ রানের ইনিংস খেলেন তানজিদ। সৌম্যর ব্যাট থেকে আসে অপরাজিত ৫০ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

