পাকিস্তান-ভারত ম্যাচ সব সময় উত্তাপ ছড়ায়। আমি মনে করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে। কারণ, ভারত ভালো দল। যদি খেলোয়াড়দের দিক থেকে বিবেচনা করেন, তাহলে ভারতই শক্তিশালী। তবে আমি মনে করি, পাকিস্তানের সুযোগ আছে। ত্রিদেশীয় সিরিজ জেতায় দলটির আত্মবিশ্বাস আছে। এটিই তাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে সহায়তা করবে। শুধু ভারতকে হারানোর কথা ভাবলে হবে না, ভাবতে হবেÑএশিয়া কাপ জেতার কথা।
পাকিস্তান তরুণ দল। তাদের শক্ত ইউনিট হিসেবে দাঁড়াতে সময় লাগবে। জাতি হিসেবে আমরা দ্রুত ফল দেখতে চাই, যা সব সময় আসে না। তবে এই দলটি ভালো করছে। অবশ্য তাদের কিছু সমস্যাও আছে। যেমন- মোহাম্মদ হারিস সেরা ফর্মে নেই। ওপেনার হিসেবে সে খেলছে না। ওপেনারদের জন্য মিডল অর্ডারে খেলাটা অনেক কঠিন। পঞ্চম বোলিং অপশন হিসেবে দুজন পার্ট-টাইমার থাকলে প্রতিপক্ষ অবশ্যই তাদের আক্রমণ করবে।
তাই পাঁচজন পূর্ণাঙ্গ বোলার থাকা জরুরি। তা না হলে চাপ পড়বে ব্যাটিংয়ের ওপর। আমার মতে, পাকিস্তানের মিডল অর্ডারের ব্যাটিং ও ভারতের স্পিনারদের মধ্যে লড়াই জমবে। বুমরাকে সামলানোর চ্যালেঞ্জও থাকবে। একই সঙ্গে কুলদীপ ও বরুণও আছেন। এই দুই স্পিনার কিন্তু সমস্যা তৈরি করবেই। কারণ, পিচ স্পিন সহায়ক হতে পারে। পিচ কেমন ব্যবহার করবেÑআগে থেকে সেটি বলা যাচ্ছে না।
পাকিস্তান ও ভারতকে অন্য কিছু না আনাই ভালো। সবকিছু ভুলে গিয়ে খেলাটাই উপভোগ করি আমরা। এক দল জিতবে। আর এক দল হারবে। জিতলে মুহূর্তটা উপভোগ্য হবে। জানি, অনেক চাপ থাকবে, সেই চাপও উপভোগ করতে হবে। শৃঙ্খলা দেখাতে হবে। দিনশেষে এটা শুধুই একটা খেলা।
ওয়াসিম আকরাম
সাবেক পাকিস্তানি ক্রিকেটার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

