এশিয়া কাপে অনিশ্চিত হাসারাঙ্গা

এশিয়া কাপে অনিশ্চিত হাসারাঙ্গা

ইনজুরির সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গার সখ্যতা নতুন নয়।।আবারও ইনজুরির সঙ্গে মেলবন্ধন হয়েছে এই শ্রীলঙ্কান অলরাউন্ডারের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। একই কারণে এশিয়া কাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

হাসারাঙ্গা গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় ইনজুরিতে পড়ার পর মাঠে নামেননি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ নেতৃত্ব দিবেন মহেশ থিকসেনা ও দুনিথ ভেলালাগে।

জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরেছেন ফাস্ট বোলার মাতিশা পাতিরারানা। টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিকা করুণারত্নেসহ আরো অভিজ্ঞ খেলোয়াড়রা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লঙ্কান দলের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার চারিথ আসালাঙ্কা। শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফর শুরু হবে ২৯ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে, এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ সেপ্টেম্বর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন