বাংলাদেশের শীর্ষস্থানীয় স্পোর্টস ম্যানেজমেন্ট ও স্পোর্টস ডিপ্লোমেসি এজেন্সি গেমপ্লে লিমিটেড আনুষ্ঠানিকভাবে চীনা স্পোর্টস লজিস্টিকস ও সরঞ্জামাদি ব্র্যান্ড “লিংজিয়ান” এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাজধানীর নিকেতনে অবস্থিত অল ব্রডকাস্টার্স অফিসে দুই পক্ষের এই চুক্তি বাংলাদেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও মানসম্মত ক্রীড়া সামগ্রী সহজলভ্য করার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে।
এই চুক্তির মাধ্যমে গেমপ্লে লিমিটেড বাংলাদেশে লিংজিয়ান-এর একমাত্র দেশীয় এজেন্ট হিসেবে কাজ করবে। এর ফলে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ফেডারেশন, একাডেমি ও খেলোয়াড়রা বিশ্বমানের ক্রীড়া সরঞ্জাম, আধুনিক লজিস্টিকস সুবিধা এবং পেশাদার সাপোর্ট পাবেন। লিং জিয়ান ব্র্যান্ড এর উন্নতমানের ফুটবল, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, ভলিবল, দড়িলাফ, ইয়োগা ও অন্যান্য ক্রীড়া সামগ্রী রয়েছে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন গেমপ্লে লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন। তিনি বলেন, “লিংজিয়ানের সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। তাদের বৈশ্বিক অভিজ্ঞতা এবং গেমপ্লের স্থানীয় আস্থার মেলবন্ধন দেশের প্রতিটি স্কুল, একাডেমি ও ফেডারেশনের কাছে উন্নতমানের পেশাদার ক্রীড়া সরঞ্জাম পৌঁছে দিতে সক্ষম হবে।”

লিংজিয়ানের পক্ষে বিওয়াই ইন্টারন্যাশনাল ও সাইনো গ্লোবার কর্পোরেশনেরর চেয়ারম্যান মি. ফ্রাঙ্ক এটাকে একটা ঐতিহাসিক মূহুর্ত উল্লেখ করে বলেন, “আমরা মনে করি বাংলাদেশের ক্রীড়া বাজার খুবই বড়। আমরা গেমপ্লেকে প্রযুক্তি ও প্রশিক্ষণ থেকে শুরু করে সবধরণের সহযোগিতা করবো যাতে তারা বাংলাদেশে লিংজিয়ানের পন্যগুলো স্থানীয় মার্কেটে এবং ক্রীড়ামোদীদের কাছে পৌঁছে দিতে পারে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের বৈশ্বিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশে নিযুক্ত পরিচালক মি. লি শিয়াও। তিনি গেমপ্লে ও লিংজিয়ানকে শুভকামনা জানান। সমাপনী বক্তব্যে গেমপ্লে লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল তিতুমীর সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের ক্রীড়া অনুরাগীদের জন্য সুলভে মানসম্পন্ন ক্রীড়াসামগ্রী পৌছে দেয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে কূটনীতিক, ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ববৃন্দ, সাংবাদিক, কর্পোরেট প্রতিনিধি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

গেমপ্লে লিমিটেড সাত বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি সফলভাবে আয়োজন করেছে অ্যাম্বেসি ফুটবল ফেস্ট, অ্যাম্বেসি ক্রিকেট কার্নিভাল, ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস এবং ঢাকা ডিপ্লোম্যাটিক স্প্রিং ওপেন গলফ টুর্নামেন্ট। গেমপ্লে লিমিটেড ক্রীড়া, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করার পাশাপাশি তৃনমূল স্তরে ক্রীড়া উন্নয়নে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

