চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি দুদলের জন্যই নিয়মরক্ষার। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর তিনটায়। সে হিসেবে টস হওয়ার কথা আড়াইটায়। কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি।
আগেরদির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৭৮ শতাংশ। পূর্বাভাস সত্যি করে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয় রাওয়ালপিন্ডিতে। বৃষ্টি থামায় মাঠ পরিচর্যার কাজ শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যে পুনরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় কাভার তোলা হয়নি।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিকে ঘিরে বৃষ্টি ছাড়া আরও একটি মাথা ব্যথার কারণ আছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ভালো না। বৃষ্টি শেষে মাঠ খেলার উপযুক্ত করে তুলতে লম্বা সময় লেগে যায়। সব মিলিয়ে ম্যাচটি মাঠে গড়ায় কিনা সেটা নিয়ে ঘোর শঙ্কা তৈরি হয়েছে।
নিজেদের প্রথম ২ ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই আজকের ম্যাচে জয় পরাজয়ে কোনো প্রভাব পড়বে না তাদের। যদিও আনুষ্ঠানিকতার ম্যাচটিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

