কোন রকম পরীক্ষনে যায়নি বাংলাদেশ টস পর্বে। লিটন দাস টসে জিতে বোলিং বেছে নিয়েছেন। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, উইকেট কেমন আচরণ করে সেটা আগে আমরা দেখে নেওয়ার জন্যই আগে বোলিং করছি। এখানকার কন্ডিশন নতুন। সেই কন্ডিশনের সঙ্গে আমরা খাপ খাইয়ে নিবো।
এই ম্যাচে বোলিং কম্বিনেশনটা কেমন হবে তা নিয়ে বেশ আলোচনা চলছিল। একাদশে স্পিনার বেশি থাকবে নাকি আগের মতোই তিন পেসার নিয়ে দল সাজাবে বাংলাদেশ। শেষ পর্যন্ত একাদশে তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্তেই স্থির থাকলো বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ সিরিজে বাংলাদেশ এই কম্বিনেশন নিয়েই খেলেছিল। হংকংয়ের বিরুদ্ধেও বাড়তি কোনো পরীক্ষণে যায়নি দল।
তিন পেসার, দুই স্পিনার এবং ছয়জন ব্যাটার- নিয়মিত এই কম্বিনেশন নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন কোটায় নাসুমের জায়গায় রিশাদ হোসেনকে এই ম্যাচের জন্য বেছে নিয়েছে বাংলাদেশ। দলের আরেক স্পিনার হলেন শেখ মাহেদি। পেস কোটায় খেলছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। নেদারল্যান্ডস সিরিজে মিডলঅর্ডারে সুযোগ পাওয়া সাঈফ হাসান এই ম্যাচের একাদশে নেই।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

