প্রথমবার ওমানের মুখোমুখি পাকিস্তান

প্রথমবার ওমানের মুখোমুখি পাকিস্তান

এশিয়া কাপে মাঠে নামছে পাকিস্তান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। আজ আসরের চার নম্বর ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে দুই দলের কেউ একে অন্যের বিপক্ষে কোনো ফরম্যাটেই মুখোমুখি হয়নি। এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে লড়াই শুরু ওমানের।

এশিয়া কাপে ওমান এসেছে বাছাই পর্ব পেরিয়ে। যদি বাছাই পর্ব ২০২৪ সালে না হয়ে চলতি বছরে হতো তাহলে ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এই আসরে খেলাই হতো না ওমানের। কেননা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ নিয়ে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

যদিও সেই টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু দলের বেশির ভাগ প্রতিষ্ঠিত খেলোয়াড়ই দল ছেড়ে গেছেন। তারা শেষবার টি-টোয়েন্টি খেলেছিল ফেব্রুয়ারিতে। তিন ম্যাচের সিরিজে হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে। ১৮ মাস আগে বাছাই পরে উত্তীর্ণ হওয়া মধ্যপ্রাচ্যের দেশটির সামনে পাকিস্তান তাই বিরাট চ্যালেঞ্জ।

এদিকে পাকিস্তান আছে ফুরফুরে মেজাজে। এশিয়া কাপের আগেই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন তারা। ওমানের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের সামনে তাই গা গরমের ম্যাচের মতোই। এই ম্যাচে জয় তুলে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে চায় সালমান আলী আগার দল।

আরব আমিরাতকে উড়িয়ে চাঙা হয়েই আসর শুরু করেছে ভারত। ওমানের বিপক্ষে পাকিস্তান সতর্ক হয়েই নামছে। কেননা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়ে ম্যাচ হেরে আসর থেকেই ছিটকে গিয়েছিল তারা!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন