তারুণ্যময় ভারতের ইংল্যান্ড মিশন

তারুণ্যময় ভারতের ইংল্যান্ড মিশন

খেলা শুরুর বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এরই মধ্যে শুরু দুই দলের কথার লড়াই। বাকযুদ্ধের এই লড়াইয়ে অভিজ্ঞ ইংলিশদের সামনে তারুণ্যময় ভারত। মাঠের লড়াইয়েও তাই। শচীন-অ্যান্ডারসন ট্রফির প্রথম টেস্টে লিডসে মুখোমুখি হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম পরাশক্তি এই দুই দল। বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় লিডসে মাঠে নামবে তারা।

এই টেস্ট দিয়ে ভারত ও ইংল্যান্ড শুরু করতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র। জয় দিয়েই আসর শুরু করতে চাইবে শুভমান গিল ও বেন স্টোকসের দল। ম্যাচের আগে ভারতের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল ইংল্যান্ড। একদিন আগেই একাদশ ঘোষণা করল তারা। সেই সঙ্গে ভারতকে সতর্কবার্তা দিলেন ইংলিশ তারকা জো রুট।

বিজ্ঞাপন

ম্যাচের আগে স্কাই স্পোর্টসকে রুট বলেন, ‘এই সিরিজগুলোর জন্যই সবাই মুখিয়ে থাকে। আমাদের সামনে মহাকাব্যিক কিছু করার হাতছানি রয়েছে। সামনে অ্যাশেজও আসছে, সেটার হিসাবও থাকছে। ওরা দারুণ দল। কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’ জবাবে ভারতীয় তরুণ শার্দুল ঠাকুরও হুমকি দিলেন, ‘আমাদের দলে তরুণরা রয়েছে, দারুণ প্রতিভাবান। আমরাও ইংল্যান্ডকে চমকে দেওয়ার জন্য তৈরি।’

দুই দলের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ১৩৬ টেস্টে মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের জয় ৫১ ম্যাচে। ভারতের জয় ৩৬ ম্যাচে। সমতায় শেষ হয়েছে ৫০ ম্যাচ। ইংল্যান্ডের মাটিতে ভারতের জয় মাত্র ৯ টেস্টে, পরাজয়ের চারগুণ অর্থাৎ ৩৬ ম্যাচ! এবার দেখার বিষয়, পরিসংখ্যানের খাতা ওলটপালট করতে পারে কি না শুভমানের দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন