অনেকদিন ধরেই নিজের চেনা ফর্মে নেই গ্লেন ম্যাক্সওয়েল। মেজর লিগ ক্রিকেটেও প্রথম ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন। দ্বিতীয় ম্যাচ দিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ম্যাক্সওয়েল এবার করলেন ঝড়ো সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে ১১৩ রানের হারিয়েছে ওয়াংশিটন ফ্রিডম।
বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়াশিংটন। মিচেল ওয়েনের ১১ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংসের পরও ৪ উইকেটে তাদের রান ছিল ৬৮। সেখান থেকে নিজেকে জানান দিতে শুরু করেন ম্যাক্সওয়েল। ম্যাচের বাকি তখন ৭ ওভার, ১৩ ওভার শেষে ওয়াশিংটনের রান ৫ উইকেটে ৯৮।
পরের ওভার থেকেই শুরু ম্যাক্সওয়েল ঝড়। একের পর এক ছক্কায় ভাসাতে থাকেন তানভির স্যাঙ্ঘা, কর্নে ড্রাই ও সুনিল নারাইনকে। ২৯ বলে স্পর্শ করেন ফিফটি। ১৯তম ওভারে অজি তারকার রান ছিল ৮৭। সেখান থেকে জেসন হোল্ডারকে টানা দুটি ছক্কা ও পরের বলে সিঙ্গেল নিয়ে শতরানে পৌঁছে স্রেফ ৪৮ বলে। ম্যাক্স ওয়েলের তাণ্ডবে শেষ সাত ওভারে ১১০ রান তোলে ওয়াশিংটন। ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০৮ রান।
রান তাড়ায় নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি লস অ্যাঞ্জেলস। প্রথম তিন ব্যাটার নারাইন, অ্যালেক্স হেলস ও উন্মুক্ত চাঁদ ফিরে যান কোনো রান না করেই। এরপর সাইফ বাদারের ৩১ বলে ৩২ ও অধিনায়ক হোল্ডারের ১৬ বলে ২৩ রানে ৯৫ পর্যন্ত যেতে পারে লস অ্যাঞ্জেলস। হার মেনে নেয় ১১৩ রানের বড় ব্যবধানে।
ওয়াশিংটনের মিচেল ওয়েল ও জ্যাক এডওয়ার্ডস শিকার করেন তিনটি করে উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

