ম্যানচেস্টারে পঞ্চম দিনের সকালে লোকেশ রাহুল ফিরে যেতেই ইংল্যান্ডের আশার পালে হাওয়া লাগে। এটুকুই! এরপর সময় যত গড়িয়েছে ততই ফিকে হয়েছে বেন স্টোকসের দলের জয়ের আশা। শুভমান গিলের রেকর্ডময় সেঞ্চুরির (১০৩) পর ভারতের জন্য 'রক্ষাকবচ' হয়ে দাঁড়ায় রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের দুটি সেঞ্চুরি। আর তাতেই নিশ্চিত পরাজয়ের মুখ থেকে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট বাঁচাল ভারত। ওভালে সিরিজের শেষ ম্যাচটা হয়ে গেল সিরিজ নির্ধারণী। চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।
পঞ্চম দিনে ভারত তাকিয়ে ছিল গিল ও রাহুলের ব্যাটের দিকে। তবে স্টোকসের বলে দিনের শুরুতেই ফিরে যান রাহুল (৯০)। এরপর সুন্দরকে নিয়ে আরেকটি ভালো জুটি গড়েন গিল। এরই মধ্যে কয়েকটি মাইলফলক স্পর্শ করেন ভারতীয় অধিনায়ক। ম্যানচেস্টারে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে ইংল্যান্ডের মাটিতে এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডে নাম লেখান। ১০৩ রানের ইনিংস খেলার পথে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের ৬৩১ রান ছাড়িয়ে স্বদেশী রাহুল দ্রাবিড়কেও (৬০২) পেছনে ফেলেন। এই সিরিজে এখন পর্যন্ত ৭২২ রান করেছেন গিল। তাতে এক সিরিজে ৭০০ বা ততোধিক করা তৃতীয় ভারতীয় হলেন তিনি। তার আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার (৭৭৪, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ) ও যশস্বী জয়সওয়ালের (৬৫৫, প্রতিপক্ষ ইংল্যান্ড)।
সিরিজে চার সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পাশে বসেছেন গিল। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে ৬ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন স্যার ডন। আর ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন গাভাস্কার। গিলের সামনে সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগ থাকছে। এক সিরিজে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে ওয়ালকট অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেন।
রেকর্ডের পাতায় ঝড় তুলে গিল আউট হয়ে যান ১০৩ রানে। জোফরা আর্চারের বলে উইকেটের পেছনে জেমি স্মিথকে ক্যাচ দেন। এরপর সুন্দরের সঙ্গে জুটি বাঁধেন জাদেজা। দুজনই ফিফটি তুলে অপরাজিত থেকে লাঞ্চে যান। লাঞ্চ থেকে ফিরে স্রেফ ইতিহাস গড়ে ফেলেন। পঞ্চম উইকেটে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জাদেজা ১৮৫ বলে ১০৭ ও সুন্দর ২০৬ বলে ১০১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে জয়সওয়াল (৫৮) ও সুদর্শনের (৬১) ফিফটিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে স্টোকস ৭২ রানে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে তিন টপ অর্ডার ব্যাটার জ্যাক ক্রুলি (৮৪), বেন ডাকেট (৯৪), ওলি পোপের সঙ্গে (৭১) ও জো রুট (১৫০) ও স্টোকসের (১৪১) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৬৬৯ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : প্রথম ইনিংস ১১৪.১ ওভারে ৩৫৮/১০ ও দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪২৫/৪ (গিল ১০৩, জাদেজা ১০৭*, সুন্দর ১০১*, রাহুল ৯০; ওকস ২/৬৭, স্টোকস ১/৩৩, আর্চার ১/৭৮)।
ইংল্যান্ড : প্রথম ইনিংস ১৫৭.১ ওভারে ৬৬৯/১০ (রুট ১৫০, স্টোকস ১৪১, ডাকেট ৯৪, ক্রলি ৮৪, পোপ ৭১; জাদেজা ৪/১৪৩, সুন্দর ২/১০৭, বুমরাহ ২/১১২, কাম্বুজ ১/৮৯, সিরাজ ১/১৪০)।
ফল: ড্র
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

