একেই বলে ইচ্ছে করে আউট হওয়া!

স্পোর্টস রিপোর্টার

একেই বলে ইচ্ছে করে আউট হওয়া!

গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের জয়ের জন্য ৪২ বলে ৬ রান দরকার। হাতে ১ উইকেট। ক্রিজে উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল সাব্বিরের সঙ্গে ছিলেন মিডল অর্ডার ব্যাটার শরিফুল ইসলাম সৈকত। ঠিকঠাক ব্যাটিং জানা দুই ব্যাটার ক্রিজে থাকায় গুলশানের বিপক্ষে শাইনপুকুরের জয় একদম অবধারিতই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু বিধিবাম! অদ্ভুতুড়ে আউট হয়ে সমালোচনার জন্ম দেন শাইনপুকুরের উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির। তাতে শুধু শাইনপুকুরই হারেনি, পাশাপাশি মিনহাজুল সাব্বিরের আউট নিয়েও হচ্ছে তুমুল সমালোচনা।

৪৪তম ওভারের প্রথম বলে সামনে এগিয়ে এসে বড় শট খেলার প্রস্তুতি নেন মিনহাজুল আবেদিন সাব্বির। আগে থেকে বুঝতে পেরে অভিজ্ঞ বোলার নাঈম ইসলাম বল দেন ওয়াইড লেংথে। ফলে ব্যাটের সঙ্গে ঠিক সংযোগ না হওয়ায় বল চলে যায় গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান ইমনের হাতে। সুযোগ পেয়ে স্টাম্পিং করতে মিস করেননি ইমন; তাতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিনহাজুল সাব্বির। সঙ্গে অলআউট হয়ে ৫ রানে ম্যাচ হারে শাইনপুকুর। ঘটনাটি স্বাভাবিক মনে হলেও তা নয়। কারণ, ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের সামনে সুযোগ ছিল ব্যাট ক্রিজে দিয়ে স্টাম্পিং আটকানোর। সেজন্য পর্যাপ্ত সময়ও পেয়েছিলেন তিনি। খালি চোখে দেখে মনে হচ্ছিল পপিং ক্রিজে ব্যাট দিয়ে স্টাম্পিং আটকানোর চেষ্টা করছেন। কিন্তু না, অনেকটা ধীরগতিতে ব্যাট পেছনে নেন সাব্বির। তাতে তার স্টাম্পিং আটকানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ঘটনা দেখে ডিপিএলে গুলশান-শাইনপুকুর ম্যাচের ধারাভাষ্য কক্ষে থাকা ধারাভাষ্যকার মাজহারউদ্দিন অমি বলেন, ‘ব্যাটারকে সামনে আসতে দেখেই কিন্তু বোলার ওয়াইড করেছিলেন। আমি আসলে এখনো বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাট ক্রিজে ফিরে গেলেন না, এখনো ফিরো যাওয়ার সুযোগ তিনি নিচ্ছেন না। দিস ইজ শকিং, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট বিফোর।’

মিনহাজুল সাব্বিরের আউট নিয়ে প্রশ্ন তোলার যেমন সুযোগ আছে, ঠিক তেমনি দলটির ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। ৮ ওভার বোলিং করা শরিফুল ইসলাম সৈকত এবারের আসরে শাইনপুকুরের হয়ে খেলছেন ছয় ম্যাচ। আগের পাঁচ ম্যাচে বেশিরভাগ সময় ৮ কিংবা ৯ নম্বরে ব্যাটিং করা শরিফুলকে গতকালের ম্যাচে নামানো হয় ১১ নম্বর ব্যাটার হিসেবে। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির প্রায় প্রতি ম্যাচেই ৫ কিংবা ৬ নম্বর ব্যাটার হিসেবে ব্যাটিং করেছেন এবারের ডিপিএলে। কিন্তু গতকাল তিনি ব্যাটিংয়ে নামেন ৯ নম্বর ব্যাটার হিসেবে। এছাড়া দেরিতে ব্যাটিংয়ে নামা সাব্বিরের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও আছে প্রশ্ন। ৩০তম ওভারে উইকেটে আসা এই ব্যাটার শেষ ক্রিকেটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৩৪ বলে করেন মাত্র ৮ রান।

এমন বিতর্কিত আউট নিয়ে সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়- এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তারা। ম্যাচের ভিডিও ফুটেজ দেখে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। তবে যে কায়দায় সাব্বির আউট হয়েছেন তাতে তার এই আউটের দৃশ্য ক্রিকেট সংশ্লিষ্ট সবার মনে সন্দেহ তৈরি করছে। এই আউটের রিপ্লে দেখলেই যে কেউ বলতে বাধ্য হবেন দিস ইজ নট ক্রিকেট!

মিনহাজুল আবেদিন সাব্বিরের এমন বিতর্ক তৈরির দিনে শাইনপুকুরের বিপক্ষে ৫ রানে ম্যাচ জিতে সুপার লিগের পথে এগিয়ে গেছে গুলশান ক্রিকেট ক্লাব। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব শাহরিয়ারের ৩৮ ও জাওয়াদ আবরারের ৩৭ রানে ভর করে ১৭৮ রানে অলআউট হয় গুলশান। জবাবে ১৭৩ রানে থামে শাইনপুকুরের ইনিংস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...