ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। ৮৩ রানের ওই জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে ফিরেছে আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামবে লিটন দাসের দল। এই ম্যাচের একাদশে তাসকিন আহমেদকে ফেরাবে বাংলাদেশ।
কলম্বোয় গতকাল বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না শামীম পাটোয়ারী। মূলত অসুস্থতাজনিত কারণে তিনি ছিলেন না। গুরুতর অসুস্থ না হওয়ায় আজকের ম্যাচে তিনি খেলতে পারবেন বলে জানা গেছে। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন টিম ম্যানেজমেন্টের এক সদস্য। অন্যদিকে এই ম্যাচের একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিং আক্রমণে দেখা যাবে তাকে।
অন্যদিকে একাদশে মেহেদি হাসান মিরাজের থাকা নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অবদান রাখার সুযোগ থাকলেও তা রাখতে পারেননি তিনি। বল হাতে ছিলেন সাবলীল। তবে সবমিলিয়ে তাকে খেলানো নিয়ে হচ্ছে বেশ সমালোচনা। ফলে তার জায়গায় শেখ মাহেদিকে দলে ফেরানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।
মাহেদিকে একাদশে জায়গা করে দিলে ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে শামীম ও জাকের আলীর উন্নতি হওয়া সম্ভাবনা প্রবল। অন্যদিকে তাসকিনকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন আগের দুই ম্যাচে দারুণ বোলিং করা মোহাম্মদ সাইফউদ্দিন। অথবা তাসকিনকে খেলাতে বাড়তি পেসার নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।
এ ছাড়া তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়েও পরিবর্তন আনতে পারে বাংলাদেশ।
গত দুই ম্যাচে রান করতে না পারা তানজিদ তামিমের জায়গায় নাঈম শেখকে জায়গা করে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে চার নম্বরে ব্যাটিং করেন তিনি। এবার প্রমোশন পেয়ে ওপেনিংয়ে নামতে পারেন তিনি।
এত যদি কিন্তুর মধ্যে একাদশ নিয়ে নিজেদের ভাবনার কথা জানাননি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব দিকে ব্যালেন্স করে প্রতিপক্ষের ওপর নির্ভর করে আসলে আমাদের দলটা সব সময় করতে হয়। এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকেও তাকাইতে হবে যে, আপনার ব্যাটসম্যান কতগুলো আছে, কীভাবে আছে, কেউ ফর্মে আছে কি না, অফ ফর্মে আছে কি না—সেটার ওপর আসলে টিমের অনেক কিছু চলতে হয়।’ পাশাপাশি নাসুমকে খেলানোর ব্যাপারে তার ভাষ্য ছিল, ‘আমরা জানি যে নাসুমরে খেলালে হয়তো আমাদের বেনিফিট হতে পারে। কিন্তু তখন হয়তো আপনাকে দেখা যাবে রিশাদকে বসাতে হবে অথবা অন্য কাউকে বসাতে হবে।’
অন্যদিকে চার সিরিজ পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে আছে শ্রীলঙ্কা। সবশেষ ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল লঙ্কানরা। টি-টোয়েন্টির ওই ব্যর্থতা কাটাতে আজ লঙ্কান একাদশে পরিবর্তন আসার সুযোগ কম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

