প্রথম দুই টি-টোয়েন্টি শেষে ১-১- সমতায় আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তাই সিরিজের শেষ ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে চাপ থাকছে দুই দলের জন্য। সে চাপ সামলে সিরিজ জিততে চান শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়া।
কলম্বোর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। আসন্ন ম্যাচে ব্যাটারদের ভালো খেলার তাগিদ দিয়েছেন জয়সুরিয়ার।
তিনি বলেন, ‘আমাদের কোনো চাপ নেই। মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। এটা শেষ ম্যাচ হতে যাচ্ছে। সিরিজে ১-১ সমতা আছে। তাই এমন ম্যাচ কিছুটা চাপের হয়ে থাকে। তাই আমাদের ক্রিকেটপ্রেমীরা চায় দল ভালো ক্রিকেট খেলুক। ক্রিকেটাররাও ভালো করতে মুখিয়ে আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে আমরা আমাদের সেরাটা দিচ্ছি। শেষ ম্যাচেও আমাদের ভালো করতে হবে।’
সাবেক তারকা ক্রিকেটার আরো বলেন, ‘আমার প্রত্যাশা ব্যাটাররা ভালো করুক। এটা খুবই দরকার। সেরা চার ব্যাটারের মধ্যে যেকোনো একজনকে দীর্ঘ সময় ক্রিজে থাকতে হবে। বাকি ব্যাটারদেরকেও তাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। মোটকথা হলো ব্যাটারদের ভালো করতে হবে। আমার মনে হয় বোলাররা যথেষ্ট অভিজ্ঞ। তারা তাদের কাজ সম্পর্কে ভালোভাবে জানে। আমাদের দলটি খুব ভালো খেলোয়াড়দের নিয়ে গড়া। তারা বেশ অভিজ্ঞ। আমি আগেও বলেছি ব্যাটারদের ভালো করতে হবে। দীর্ঘ সময় নিয়ে ব্যাট করে যেতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

