আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের ‘শত্রু’ সিটি, পিএসজি-চেলসি মহারণ

স্পোর্টস ডেস্ক

রিয়ালের ‘শত্রু’ সিটি, পিএসজি-চেলসি মহারণ

চ্যাম্পিয়নস লিগের খেলা হবে আর রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি দেখা হবে না। এটা যেন এখন কল্পনা করাও কঠিন। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্টে দুদলের দ্বৈরথটা যেন অলিখিত রীতি হয়ে দাঁড়িয়েছে। কেননা, টানা পঞ্চমবারের মতো উয়েফার ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি। আজ নিওনে অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলো পর্বের ড্র। টুর্নামেন্টের এই ড্র অনুষ্ঠানই দুদলকে ফের একে অপরের মাঠের ‘শত্রু’ বানিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি-চেলসি। শেষ ষোলোতে এবার সেই বৈশ্বিক আসরের ফাইনালের পুনঃমঞ্চায়ন হতে যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে একে অন্যের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে দুদলের।

এবারের আগে রিয়াল-সিটি চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছিল বেশ কয়েকবার। ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল ও ২০২৪-২৫ মৌসুমের নকআউট পর্বের প্লে-অফে একে অন্যকে মোকাবিলা করেছিল রিয়াল ও সিটি। মাঝে ২০২০-২১ বাদে সর্বশেষ ৭ আসরের ৬টিতেই মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাব।

বার্সেলোনার লড়াই হবে নিউক্যাসলের বিপক্ষে। লিভারপুল খেলবে গ্যালাতাসারে বিপক্ষে। প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ-টটেনহ্যাম হটস্পারের মধ্যে। ফুটবল অনুরাগীদের রোমাঞ্চের ভেলায় ভাসাতে থাকছে স্পোর্টিং সিপি-বোডো/গ্লিমট, বায়ার্ন মিউনিখ-আটালান্টা ও আর্সেনাল-বায়ার লেভারকুসেন ম্যাচও।

নকআউট পর্বে তুলনামূলকভাবে সবচেয়ে সহজ ট্র্যাকের দিশা পেয়েছে আর্সেনাল। জার্মানির লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে পারলে কোচ মিকেল আর্তেতার দল প্রতিপক্ষ হিসেবে পাবে স্পোর্টিং সিপি বা বোডো/গ্লিমটকে।

অন্য ফেভারিটদের মধ্যে রিয়াল-সিটির মধ্যকার জয়ী দলের লড়াইটা হবে বায়ার্ন মিউনিখ বা আটালান্টার বিপক্ষে। আর পিএসজি-চেলসির ম্যাচে জয়ী দলের মাঠের প্রতিপক্ষ হবে লিভারপুল বা গ্যালাতাসারে। বার্সেলোনা-নিউক্যাসলের মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ বা টটেনহ্যাম হটস্পার। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ মাঠে গড়াবে ১০ ও ১১ মার্চ। আর ফিরতি লেগের ম্যাচ খেলতে ক্লাবগুলো মাঠে নামবে ১৭ ও ১৮ মার্চ।

শেষ ষোলোতে মুখোমুখি যারা

বার্সেলোনা-নিউক্যাসল

চেলসি-পিএসজি

লিভারপুল-গ্যালাতাসারে

অ্যাটলেটিকো মাদ্রিদ-টটেনহ্যাম হটস্পার

ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ

স্পোর্টিং সিপি-বোডো/গ্লিমট

বায়ার্ন মিউনিখ-আটালান্টা

আর্সেনাল-বায়ার লেভারকুসেন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...