আজ ইংল্যান্ডের টিকে থাকার লড়াই

আজ ইংল্যান্ডের টিকে থাকার লড়াই

চ্যাম্পিয়নস লিগের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে ইংল্যান্ডের। সাড়ে ৩০০ রান করেও প্রথম ম্যাচে জিততে পারেনি ইংলিশরা। অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় আজ টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ তাদের। প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে ইংল্যান্ড। অপরদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে বিধ্বস্ত হয়েছে আফগানরা। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাদেরও টিকে থাকার লড়াই আজ। ফলে মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা দুদলের ম্যাচটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে।

চ্যাম্পিয়নস ট্রফির আগেই আলোচনার টেবিলে ছিল ইংল্যান্ড-আফগানিস্তান লড়াই। আফগানিস্তানে তালেবান শাসক গোষ্ঠী নারীর অধিকার হরণ করায় চ্যাম্পিয়নস ট্রফিতে দেশটির সঙ্গে ম্যাচ না খেলার বিষয়ে চাপ তৈরি হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের ওপর। পরে বিষয়টির মীমাংসা হয়ে যায়। এ কারণে দুদলের ম্যাচটির ঝাঁজ বাড়িয়ে দিচ্ছে। প্রথম ম্যাচে ফল ফলদায়ক না হলেও ইংল্যান্ডের বিপক্ষে রূপকথার জন্ম দিতে পারে আফগান যোদ্ধারা। তাদের বড় অনুপ্রেরণা গত ওয়ানডে বিশ্বকাপ। ওই আসরে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেই ঐতিহাসিক জয় পায় আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে রীতিমতো চমকে দেয় তারা। আবার উপমহাদেশের মাঠে খেলা। তাই এই আফগানিস্তানকে নিয়ে ভয়েই থাকার কথা ইংল্যান্ডের।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য চ্যাম্পিয়নস ট্রফিই শেষ ব্রাইডন কার্সের। অস্ট্রেলিয়া ম্যাচে পায়ের আঙুলে চোট পান এই বোলিং অলরাউন্ডার। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক বোলিং অলরাউন্ডার রেহান আহমেদকে। লেগস্পিনের পাশাপাশি ব্যাটটা ভালো চালাতে পারেন রেহান। তবে পেস বোলিং অলরাউন্ডার কার্সকে হারানোয় পরিস্থিতি কঠিন তৈরি করে তোলা হলো ইংল্যান্ডের জন্য। কার্স ছিটকে যাওয়ায় রশিদ খানদের বিরুদ্ধে ম্যাচে জেমি ওভারটনকে প্রথম একাদশে দেখা যেতে পারে। ইংল্যান্ড দলে আছেন সাকিব মেহমুদ এবং গাস অ্যাটকিনসনের মতো পেসারও।

ব্যাটিং শক্তিতে এগিয়ে ইংল্যান্ড। তাদের দলের সবারই রান তোলার সামর্থ্য আছে। এমনও দেখা যায় যে, একাদশের ১০ জনের আছে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড! ফলে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার সাহস তারা করতে পারে। তাদের ব্যাটিংয়ের প্রাণ অধিনায়ক জস বাটলার। স্বরূপে ফিরলে তাকে আটকানো কঠিন। এছাড়া গত ম্যাচে বেন ডাকেট ১৬৫ রানের রেকর্ড ইনিংস খেলেছেন। জো রুটও রানে আছেন। সব মিলিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে আটকানো কঠিন হবে। অবশ্য স্পিন শক্তিতে এগিয়ে থাকবে আফগানিস্তান। তাদের বোলিং লাইনআপ খুবই ধারালো। নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে তারা। আশা করা হচ্ছে, দুদলের ম্যাচটিতে রোমাঞ্চকর লড়াই জমে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন