দুই পেনাল্টি মিস করেও সেমিফাইনালে স্পেন

দুই পেনাল্টি মিস করেও সেমিফাইনালে স্পেন

মেয়েদের ইউরোর শেষ আটের ম্যাচে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে স্পেন। ম্যাচটিতে ভাগ্য কথা বলেছে তাদের হয়ে। দুটি পেনাল্টি মিস করেও শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ মেয়েরা।

ঘরের মাঠ বার্নে স্পেনের কঠিন পরীক্ষা নিয়েছে সুইজারল্যান্ড। বল দখল এবং আক্রমণে নেতৃত্ব ছিল স্বাগতিকদের। রক্ষণেও চীনের প্রাচীরের মতো দৃঢ়তা দেখায় সুইসরা। তাদের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তার কারণে প্রথমার্ধে স্পেনের বেশকিছু চেষ্টা ব্যর্থ হয়। যদিও বিরতির পর আর স্পেনের ফরওয়ার্ডদের দমিয়ে রাখতে পারেনি সুইজারল্যান্ড। পাঁচ মিনিটের ঝড়ে তাদের জালে দুইবার বল পাঠায় অতিথিরা। ৬৬ মিনিটে স্পেনের হয়ে প্রথম গোল করেন অ্যাথেনা দেল কাসতিল্লো। ৭১ মিনিটে ব্যবধান বাড়ান ক্লাউদিয়া পিনা। বাকি সময়ে বেশকিছু সুযোগ নষ্ট করেছে স্পেন। না হলে জয়ের ব্যবধান আরো বড় হতো তাদের। বিপরীতে গোল করার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

এর মাধ্যমে টানা তিন আসর পর মেয়েদের ইউরোর সেমিফাইনালে পা রাখল স্পেন। ২০১৩, ২০১৭ ও ২০২২ সালের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় তারা।

দলকে সেমিফাইনালে নেওয়ার পর স্পেনের উইঙ্গার কাসতিল্লো বলেন, ‘আমরা শেষ চারে জায়গা করে নিয়েছি। সত্যি বলতে এজন্য আমরা খুবই আনন্দিত। খেলোয়াড়রা নিজেদের জায়গা থেকে সেরা ফুটবলটাই খেলেছে। সব মিলিয়ে পরিবেশটা খুবই দুর্দান্ত ছিল। আমরা আশাবাদী, সেমিফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন