ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় শামিকে পেছনে ফেলেছেন স্টার্ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে এই কীর্তি গড়েন অজি গতিতারকা।
ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল মিলিয়ে স্টার্কের উইকেট সংখ্যা এখন ১১। এর আগে ১০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন শামি। গতকাল দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই এইডেন মার্করামকে বোল্ড করে শামিকে স্পর্শ করেন স্টার্ক। এরপর রায়ান রিকেলটনকে ফিরিয়ে বসে যান চূড়ায়।
আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোতে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রথম ফাইনাল খেলেছিলেন স্টার্ক। সেই ম্যাচে ৮ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। এরপর ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অবশ্য ৪ ওভারে ৬০ রান দিয়েও কোনো উইকেট পাননি। তবে দল চ্যাম্পিয়ন হয়েছিল।
স্টার্ক তৃতীয় ফাইনালটি খেলেন ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপে। ওভালে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ২টি করে মোট ৪টি উইকেট পেয়েছিলেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ছিল স্টার্কের চতুর্থ ফাইনাল। সেই ম্যাচে ১০ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে নিলেন ২ উইকেট।
শামি অবশ্য স্টার্কের চেয়ে একটি ফাইনাল কম খেলেছেন। তিনি ভেঙেছিলেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার রেকর্ড। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত চারটি ফাইনালে ও ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ফাইনাল খেলা ম্যাকগ্রা সমান ৮ উইকেট করে পেয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

