আইপিএলের ২০২৫ সালের আসরে প্রথমবারের মতো শিরোপা জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শিরোপা জয়ের আনন্দ উদযাপন রূপ নেয় বিষাদে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলায় পদদলিত হয়ে মারা যায় ১১ জন। আর তাতেই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন থেকে শিরোপা উদযাপনে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘বোর্ড বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকির দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।’
শিরোপা উদযাপনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্তগুলো হলো- ১) শিরোপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোনো উদযাপন করা যাবে না, ২) হুটহাট ও তাড়াহুড়া করে কোনো আয়োজন নয়, ৩) বিসিসিআইয়ের পূর্বানুমতি ছাড়া কোনো ইভেন্ট আয়োজন করা যাবে না, ৪) বোর্ডের লিখিত অনুমোদন ছাড়া কোনো উদযাপন নয়, ৫) ৪ থেকে ৫ স্তরের নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক, ৬) প্রতিটি ভেন্যু ও যাতায়াতপথে মাল্টিলেয়ার নিরাপত্তা টিম রাখতে হবে, ৭) দলের বিমানবন্দর থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত চলাচলের সময় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৮) খেলোয়াড় ও স্টাফদের জন্য ইভেন্টজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৯) জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে, ১০) সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র ছাড়া কোনো আয়োজন করা যাবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

