বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি দায়িত্ব পাওয়ার দেড় মাসের মধ্যেই পদত্যাগ করলেন সালাহউদ্দিন আলমগীর। জানা যায়, ব্যক্তিগত কারণে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।
এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদত্যাগপত্রও জমা দিয়েছেন সালাউদ্দিন। বর্তমানে সহসভাপতি তরিকুল ইসলাম চৌধুরীই ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। যে কারণে আজ জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় দেখা যায়নি সালাউদ্দিনকে।
ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির জানান, ‘আমাদের সভাপতি পদত্যাগ করেছেন। সেই চিঠি তিনি ফেডারেশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।’
নির্বাহী সদস্য কামরুজ্জামান বলেন, ‘সভাপতির পদত্যাগ ফেডারেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। ফেডারেশনের সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই ধাক্কা কাটিয়ে সুন্দর জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে।’
গত ২৩ এপ্রিল ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটির সভাপতি দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সালাহউদ্দিন। হঠাৎ পদত্যাগ করার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘কারো সঙ্গে কোনো দূরত্ব বা সমস্যা হয়নি। ফেডারেশনের সভাপতি হিসেবে যতটুকু সময় দেওয়া প্রয়োজন সেটা দিতে পারব না। নিজস্ব ব্যস্ততার জন্য সরে এসেছি। তবে খেলাটির উন্নয়নে যতটুকু সহায়তা করার দরকার সেটা পেছন থেকে করার সর্বাত্মক চেষ্টা করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

