বাংলাদেশ ‘এ’ দল ও সাউথ অস্ট্রেলিয়ার মধ্যকার চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ত্রাতা হয়ে লড়াই করছেন শাহাদাত হোসেন দীপু। প্রথম ইনিংসে বাংলাদেশ ১১৪ রানে গুটিয়ে গেলে ৯০ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করা অজিদের ইনিংস থামে ৩৬০ রানে। লিড পায় ২৬৬ রানের। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে পথ দেখাচ্ছেন শাহাদাত। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৬। শাহাদাত অপরাজিত ৪২ রানে, সাউথ অস্ট্রেলিয়াকে ফের ব্যাটিংয়ে নামাতে করতে হবে আরো ১৬০ রান।
অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের পেছনে বড় অবদান জেসন সাংঘার। প্রথম দিন শেষে ৮৩ রানে অপরাজিত থাকা সাংঘা শেষ পর্যন্ত আউট হন ১৪৩ রানে। হ্যারি নিলসেনের ব্যাট থেকে আসে ৮৬ রান। বাংলাদেশের পেসার এনামুল হক ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন তিনটি করে উইকেট।
এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। চার দিয়ে শুরু করেই বিদায় নেন মাহমুদুল হাসান জয়। অমিত হাসান ফিরে যান ডাক মেরে। এরপর তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন ইফতেখার হোসেন ইফতি ও শাহাদাত হোসেন। ইফতেখার থামেন ৩৫ রানে। দিনের বাকি সময়টা নির্বিঘ্নে পার করে দেন শাহাদাত ও ইয়াসির আলি চৌধুরী। ৫ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৪২ রানে অপরাজিত শাহাদাত, ১৮ রানে দিন শেষ করেন ইয়াসির।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ : প্রথম ইনিংসে ১১৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ১০৬/৩ (ইফতেখার ৩৫, শাহাদাত ৪২*, ইয়াসির ১৮*; বাকিংহ্যাম ২/২৭, অ্যাগার ১/২৬)।
সাউথ অস্ট্রেলিয়া : প্রথম ইনিংসে ১০০.৪ ওভারে ৩৮০ (সাংঘা ১৪৩, নিলসেন ৮৬, থর্নটন ৪৬; হাসান ২/৬৮, এনামুল ৩/৬১, মুরাদ ৩/৭৮)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

