চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। তাতেই পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো নাজমুল হোসেন শান্তদের। অন্যদিকে বাংলাদেশের এই হারে 'এ' গ্রুপ থেকে শেষ চারে পৌঁছে গেল নিউজিল্যান্ড ও ভারত।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৩৬ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ২৩ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তাদের হয়ে ১০৫ বলে সর্বোচ্চ ১১২ রান করেন রাচিন রবীন্দ্র। টম লাথামের ব্যাট থেকে আসে ৫৫ রান। এছাড়া ডেভন কনওয়ে করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে দুই ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৯ চারের সাহায্যে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন জাকের আলী অনিক। রান আউটের ফাঁদে পড়ার আগে ৫৫ বলে ৩ চারের পাশাপাশি এক ছয় মারেন তিনি। ২৫ বলে ২৬ রান করে ফেরেন রিশাদ হোসেন। এছাড়া বাংলাদেশের ইনিংসে তানজিদ হাসান তামিমের অবদান ২৪ রান। সমান বল খেলেন এই ওপেনার। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে আলো ছড়ান মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে এই স্পিনারের খরচ ২৬ রান। বিনিময়ে ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৪৮ রানে ২ উইকেট নেন উইল ও রার্ক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশের ইনিংস: ২৩৬/৯ (৫০ ওভার); নাজমুল হোসেন শান্ত ৭৭, জাকের আলী ৪৫, রিশাদ হোসেন ২৬; মাইকেল ব্রেসওয়েল ৪/২৬, উইল ও রার্ক ২/৪৮
নিউজিল্যান্ডের ইনিংস: রাচিন রবীন্দ্র ১১২, টম লাথাম ৫৫, টম লাথাম ৩০
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

