চ্যাম্পিয়নস ট্রফি

ভারত দলে কেন পাঁচ স্পিনার- অশ্বিনের জিজ্ঞাসা

ভারত দলে কেন পাঁচ স্পিনার- অশ্বিনের জিজ্ঞাসা

গুনে গুনে পাঁচজন স্পিনার নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে ভারত। ঘূর্ণিজাদু দেখাতে প্রস্তুত দেশটির রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর। যেখানে দলই ১৫ জনের, সেখানে টিমে এত বেশি স্পিনার জায়গা পেল কী করে- এমন প্রশ্ন তুলেছেন ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলা স্পিনতারকা রবিচন্দ্রন অশ্বিন।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো মাঠেই ভারতের স্পিনাররা বাড়তি সুবিধা পাবে না। তাহলে যশস্বী জয়সওয়ালের মতো ড্যাশিং ব্যাটারকে না নিয়ে দলে এত বেশি স্পিনার কেন? ব্যাপারটা মেনে নিতে পারছেন না অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন এ নিয়ে বলেন, ‘আমি বুঝতে পারছি না আমরা কেন এত বেশি স্পিনার নিয়ে দুবাই যাচ্ছি। পাঁচজন স্পিনারকে দলে জায়গা দিয়েছি, জয়সওয়ালকে বসিয়ে রেখেছি। হ্যাঁ এটা ঠিক যে, বাইরে সফরে গেলে আমরা ৩-৪ জন স্পিনার নিয়ে যাই। কিন্তু দুবাইয়ে পাঁচজন স্পিনার! আমি জানি না। আমার মনে হয়, দুজন না হলেও অন্তত একজন স্পিনার বেশি হয়ে গেছে।’

দুবাইয়ের মাঠে খেলার জন্য পাঁচজন স্পিনার একটু বেশিই হয়ে যায়। কিন্তু কেন? সে ব্যাখ্যা দিয়ে অশ্বিন বলেন, ‘কুলদীপ যাদব তো খেলবেই। তাহলে বরুণের জন্য কীভাবে জায়গা বের করবেন? সে বোলিং ভালো করে। দুজনকে একসঙ্গে খেলানো যায়। যেটা আমার কাছে ভালোই মনে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে দুবাইয়ে বল কি খুব বেশি টার্ন করে? কিছুদিন আগে আইএল টি-টোয়েন্টি শেষ হলো। তখন তো দুবাইয়ে বল তেমন একটা টার্ন করতে দেখলাম না। দলগুলো ১৮০ রানও খুব সহজে তাড়া করেছে। (ভারতের চ্যাম্পিয়নস ট্রফির) দল নিয়ে আমার অস্বস্তি হচ্ছে।’

ওয়ানডের এ বৈশ্বিক টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত খেলবে দুবাইয়ে। গ্রুপ পর্বের তিন ম্যাচ তো বটেই, সেমিফাইনাল ও ফাইনালে নাম লিখলেও রোহিত শর্মার দল খেলবে মধ্যপ্রাচ্যের দেশটিতেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন