অস্ট্রেলিয়ান ওপেন

একটু আগেই মুখোমুখি সোয়াটেক-রাডুকানু

স্পোর্টস রিপোর্টার

একটু আগেই মুখোমুখি সোয়াটেক-রাডুকানু
এমা রাডুকানু ও ইগা সোয়াটেক

মেলবোর্নের কোর্টে দাপট চলছে ইগা সোয়াটেকের। উপহার দিয়ে যাচ্ছেন রাজকীয় পারফরম্যান্স। জয়রথে চেপে ছুটে চলছেন অস্ট্রেলিয়ান ওপেনে। দুর্দান্ত ফর্মটা ধরে রেখে এ পোলিশ তারকা সাফল্যের গল্প লিখলেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেও।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রড লেভার এরেনায় স্লোভাকিয়ান প্রতিপক্ষ রেবেকা স্রামকোভাকে সরাসরি সেটে খুব সহজেই ৬-০ ও ৬-২ গেমে হারান টুর্নামেন্টের এ দ্বিতীয় বাছাই। গত বছর ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক মাস নিষিদ্ধ ছিলেন সোয়াটেক। সেই শাস্তি কাটিয়ে এবার নতুন করে নিজেকে গড়ে এগিয়ে নিচ্ছেন একটু একটু করে।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন এমা রাডুকানুও। এবারই প্রথম মেলবোর্নের এ আসরে দ্বিতীয় রাউন্ডের বৈতরণী পেরোলেন ব্রিটেনের এ তারকা খেলোয়াড়। ২২ বছরের এ তরুণী ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভাকে। চতুর্থ রাউন্ডে উঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ আর কেউ নন, ইগা সোয়াটেক। একটু আগে-ভাগেই দুই তারকা দেখা হয়ে যাচ্ছেন মেলবোর্ন পার্কের কোর্টে।


ছেলেদের এককে মার্গারেট কোর্ট এরেনায় চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৬-১ ও ৬-০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন টেলর ফ্রিটজ। তার আগে মঙ্গলবার জন কেইন এরেনায় প্রথম রাউন্ডে স্বদেশি জেনসন ব্রুকসবিকে ৬-২, ৬-০ ও ৬-৩ হারিয়ে দেন যুক্তরাষ্ট্রের এ খেলোয়াড়। ম্যাচটি জিতে প্রাইজমানি হিসেবে পেয়েছিলেন প্রায় ১ কোটি টাকা। অর্থের পুরোটাই দান করেছেন ক্যালিফোর্নিয়ার দাবানলে ভুক্তভোগীদের জন্য। দক্ষিণ লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর রানচো পালোস ভেরদেসের বাসিন্দা ফ্রিটজ দাবানলের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছেন। দ্বিতীয় রাউন্ডে জিতেই দিলেন এ খবর।

জয়ের হাসি হেসেছেন শীর্ষ বাছাই জানিক সিনার। ইতালির এ তারকা ৪-৬, ৬-৪, ৬-১ ও ৬-৩ গেমে হারান অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ ট্রিস্টান স্কুলকেটকে। জয়ের দেখা পেয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলস ও রুশ খেলোয়াড় কানে খাচানোভও। নারী এককে কাজাখস্তানের এলেনা রাইবাকিনা ৬-০ -৬-৩ গেমে জিতেছেন যুক্তরাষ্ট্রের ইভা জোভিচের বিপক্ষে। এছাড়া জয় ছিনিয়ে নিয়েছেন ইতালির জেসমিন পাওলিনি, যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস, ইউক্রেনের এলিনা সোভিতোলিনা ও নিউনিশিয়ার অনস জাবের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: