অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার জ্যামাইকা টেস্ট শুরুর আগে গোলাপি বল নিয়ে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, সেটার প্রতিফলন দেখা গেল সাবিনা পার্কের পিচে। দিবারাত্রির টেস্টে দু'দলের বোলারদের দাপটে চোখে সর্ষেফুল দেখলেন ব্যাটাররা। তাতে প্রথম ইনিংসে ২২৫ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া ক্যারিবীয়দের অলআউট করে ১৪৩ রানে। ৮২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৯ রান। দ্বিতীয় দিন শেষে অজিদের লিড ১৮১ রানের।
বোলারদের দাপটের মঞ্চে সবচেয়ে বড় দাপটটা দেখিয়েছেন স্কট বোল্যান্ড। নাথান লায়নের জায়গায় সুযোগ পেয়ে গড়েছেন শতাব্দীর সেরা বোলিং গড়ের রেকর্ড। ১৪ ম্যাচ ও ২৬ ইনিংসের ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ১৭.৩৩ গড়ে বোল্যান্ডের শিকার ৫৯ উইকেট।
এই সংস্করণে ১৯১৫ সালের পর অন্তত ২ হাজার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম গড়ের রেকর্ড এখন তারই। বোল্যান্ড পেছনে ফেলেছেন স্বদেশি বার্ট আয়রমঙ্গারকে। ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত খেলা বাঁহাতি স্পিনার ১৭.৯৭ গড়ে নিয়েছিলেন ৭৪ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শুরু করে ১ উইকেটে ১৬ রান নিয়ে। তাদেরকে দিনের শুরুতেই ধাক্কা দেন জশ হেইজেলউড। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ব্র্যান্ডন কিংস (১৪)। অপর প্রান্তে অপরাজিত ব্যাটসম্যান রোস্টন চেইসকে (১৮) ফেরান কামিন্স। এরপর লুইসকে (৭) ফেরান হেইজেলউড।
একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন চোটের কারণে আগের দিন ওপেনিংয়ে নামতে না পারা জন ক্যাম্পবেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলা ক্যাম্পবেলকে এলবিডব্লিউ করেন বোল্যান্ড। এরপর শেই হোপকেও (২৩) বোল্ড করেন ৩৬ বছর বয়সী পেসার। এরপর আর দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা। মাত্র ১৯ রানের মধ্যে শেষের ৫ উইকেট হারিয়ে দেড়শর আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শামার জোসেফের তোপে পড়ে অজিরা। জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে শূন্য রানে ফেরেন স্যাম কনস্টাস। এই সিরিজ তার জন্য হতাশার। সিরিজের ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৮.৩৩ গড়ে ৫০ রান। চলতি শতকে অন্তত তিন ম্যাচের সিরিজ এত কম গড় নিয়ে শেষ করেননি অস্ট্রেলিয়ার আর কোনো ওপেনার।
এরপর উসমান খাজা ফেরেন ১৪ রান করে। পরের দৃশ্যপটে হাজির হন আলজারি জোসেফ। দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে নেন ৩ উইকেট। আলজারির শর্ট আর টানা লাইন-লেংথের কবলে পড়ে একে একে বিদায় নেন স্টিভেন স্মিথ (৫), বাউ ওয়েবস্টার (১৩) ও অ্যালেক্স ক্যারি (০)। ট্র্যাভিস হেডকে (১৬) ফেরান জাস্টিন গ্রিভস।
মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। সপ্তম উইকেট জুটিতে প্যাট কামিন্সকে নিয়ে লড়াই করে টিকে আছেন তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন। অবিচ্ছিন্ন জুটিতে তাদের সংগ্রহ ৩০ রান। দিন শেষে ৪২ রানে অপরাজিত গ্রিন। প্রথম ইনিংসেও ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২২৫/১০ ও দ্বিতীয় ইনিংস: ৯৯/৬ (২৯ ওভার); গ্রিন ৪২, হেড ১৬; জোসেফ ৩/১৯।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৪৩/১০ (৫২.১ ওভার); ক্যাম্পবেল ৩৬, হোপ ২৩; বোল্যান্ড ৩/৩৪।
*দ্বিতীয় দিন শেষে ১৮১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

