ক্রিকেটের বনেদি সংস্করণ টেস্টের দেড়শ বছর পূর্তি হবে ২০২৭ সালের মার্চে। সে উপলক্ষ্যে ২০২৭ সালের ১১ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, এ তথ্য আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানের (এফটিপি) সুবাদে আগেই জানা গেছে।
এবার বিশেষ এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রি অর্থ্যাৎ গোলাপি বলে ম্যাচটি আয়োজন করবে অজি ক্রিকেটের অভিভাবক সংস্থা।
মার্চে অস্ট্রেলিয়ায় কোনো ছুটি থাকে না। তাই দর্শক উপস্থিতির কথা ভেবে দেড়শ বছর পূর্তিতে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির ম্যাচ আয়োজন করবে সিএ, এমনটাই জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।
এক বিবৃতিতে গ্রিনবার্গ বলেন, ‘টেস্টের ১৫০ বছর পূর্তিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই সংস্করণের অন্যতম বড় আয়োজন হতে যাচ্ছে। দিবারাত্রির ম্যাচ আয়োজন করা হবে। এটা হলো খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপন। দিবারাত্রির ম্যাচ হলে বেশি মানুষের উপস্থিতিও দেখা যাবে।’
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়। মেলবোর্নে অনুষ্ঠিত সে ম্যাচে ৪৫ রানে জয়লাভ করে স্বাগতিকরা। সাদা পোশাকের ক্রিকেটের শত বছর পূর্তিতেও একই ভেন্যুতে এই দুদল মুখোমুখি হয়। কাকতালীয়ভাবে সে ম্যাচেও ৪৫ রানের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

