উইম্বলডনের ২০২৫ সালের আসরে সেমিফাইনালে পা রেখেছেন আসরের দুই ফেভারিট কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। ছেলেদের র্যাংকিংয়ের ‘নাম্বার টু’ আলকারাজের চোখে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন, অন্যদিকে সাবালেঙ্কার লক্ষ্য ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়। মেয়েদের র্যাংকিংয়ে ‘নাম্বার ওয়ান’ হলেও এখন পর্যন্ত ঘাসের কোর্টের এই শিরোপা জিততে পারেননি বেলারুশ তরুণী। সেমিফাইনালে আজ আলকারাজ মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের ট্রেলর ফ্রিটজের। সাবালেঙ্কা খেলবেন একই দেশের আমান্ডা অ্যানিসিমোভার বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালে জয়ের মধ্য দিয়ে উইম্বলডনে একটানা ২৩তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন আলকারাজ। উইম্বলডনের এবারের আসরের শিরোপা জিতলে টেনিসের উন্মুক্ত যুগে হ্যাটট্রিক শিরোপা জেতা পঞ্চম খেলোয়াড় হবেন আলকারাজ। সেমিফাইনালে নামার আগে তাই বেশ আত্মবিশ্বাসী স্প্যানিশ তারকা। কোয়ার্টার ফাইনাল জিতে স্প্যানিশ তরুণের ভাষ্য, ‘আমি খুবই খুশি। আরেকটি উইম্বলডন সেমিফাইনাল খেলা আমার জন্য বিশেষ কিছু। আমি খুবই আত্মবিশ্বাসী। আমি খুবই ভালো অনুভব করছি। এটা আসরে আমার সবচেয়ে সেরা ম্যাচ।’
এদিকে, কোয়ার্টারে জার্মানির লরা সিগমুন্ডকে হারিয়ে বেশ আনন্দিত সাবালেঙ্কা। ম্যাচে কিছু ভুল ছিল। তবে সেসব কাটিয়ে জিততে পেরে বেশ গর্বিত তিনি। সেমিফাইনালেও এটা বজায় রাখতে চান তিনি। ম্যাচ শেষে ২৭ বছরের এই তরুণী বলেন, ‘প্রথম সেটের পর আমি আমার বক্সের দিকে তাকিয়ে ভাবছিলাম যে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তবে আমি তার ওপর বিরক্ত না হতে চেষ্টা করছিলাম, যাতে সে ঘুরে দাঁড়াতে না পারে। এই ম্যাচ হারলে আমার অতীতের শিক্ষা সব পানিতে যেত। নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরে পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

