এশিয়ান গেমসে সাইক্লিংয়ে পুরুষদের রোড রেসিং ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফিটনেস হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন তারকা সাইক্লিস্ট সবুর হোসেন। অন্যদিকে, ইভেন্টে অংশ নিলেও প্রথম ল্যাপের পর নিজেকে গুটিয়ে নিয়েছেন দেশের অন্য প্রতিযোগী শাহাদাত হোসেন।
জানা গেছে, গত দুদিন ধরেই তীব্র জ্বরে ভুগছিলেন ৩১ বয়সী সাইক্লিস্ট সবুর হোসেন। অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতা শুরুর আগ পর্যন্ত ফিটনেস ফিরে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকায় রোড রেসিংয়ের এই গুরুত্বপূর্ণ ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।
তবে সবুর অংশ নিতে না পারলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শাহাদাত হোসেন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত ইতিবাচক কিছু উপহার দিতে পারেননি। রেস শুরুর পর প্রথম ল্যাপ শেষ করেই প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন। ফলে শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি সাইক্লিস্টই রেস সম্পূর্ণ করতে পারেননি।
এ বিষয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, 'জ্বরে আক্রান্ত হওয়ার পরও সবুর হোসেন নিজেকে প্রস্তুত করার এবং ফিটনেস ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু রেসে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি না হওয়ায় বাধ্য হয়েই তাকে ইভেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

