আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০ শতাংশ কাজও করতে পারিনি : শাহনিয়ান তানিম

স্পোর্টস রিপোর্টার

১০ শতাংশ কাজও করতে পারিনি : শাহনিয়ান তানিম

বগুড়ায় বিসিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন বিসিবি পরিচালক ও ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সে সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এই পরিচালক। সেখানে জানান, পরিকল্পনার ১০ শতাংশ কাজও করতে পারেননি। বিসিবির জটিল কাঠামোগত কারণে কাজ করতে অসুবিধা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি পরিচালক হয়েও প্রথমবারের মতো বিসিবির সমালোচনা করেন।

গতকাল এ নিয়ে শাহনিয়ান তানিম বলেন, ‘সত্যি বলতে আমি এভাবে কাজ করতে অভ্যস্ত নই। হয়তো এটা বিসিবির নিয়ম বা করপোরেট দুনিয়ার মতো—যেখানে অনেক প্রক্রিয়া ও নিয়ম মেনে এগোতে হয়। যদি আমার নিজের মতো করে কাজ করার বিশেষ অনুমতি থাকত, আজ যদি আমি ড্রেনেজ সিস্টেম করার সিদ্ধান্ত নিতাম, কাল থেকেই কাজ শুরু হয়ে যেত।’

বিজ্ঞাপন

তিনি আরো যোগ করেন, ‘কিন্তু দিনের শেষে আমিও জবাবদিহির মধ্যে আছি। বাজেট থেকে বরাদ্দ দিতে হয়, বোর্ডে পাস করাতে হয়, তারপর বিভিন্ন জায়গায় জমা দিতে হয়। তারা অনুমোদন না দেওয়া পর্যন্ত, ভেন্ডর নিয়োগ না করা পর্যন্ত আমি তাদের ওপর নির্ভরশীল। হয়তো করপোরেট দুনিয়ায় এটাই নিয়ম। ভালো হতো যদি প্রক্রিয়াটা সহজ হতো। এই চার-পাঁচ মাসে হয়তো আমি আমার কাজের ১০ শতাংশও করতে পারিনি।’

তিনি জানান, পরিচালক হওয়ার পর তিনি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছিলেন। স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যেও অনেক উদ্যোগ ছিল।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কাউকে আলাদা করে দোষ দিচ্ছি না। হয়তো নিয়মের কারণে কাজ আটকে আছে। গতি বাড়ানো যেত। কিন্তু এটাই বাংলাদেশ এভাবেই চলে। এটা হতাশাজনক।’

তিনি আরো বলেন, ‘আপনি দুর্নীতির কথা বলছেন বাংলাদেশের সংস্কৃতিতে কাজ করা কিছুটা কঠিন। সাধারণ কাজ করতেও চাইলে দশজনের মধ্যে ৯ জন ভাববে, শাহনিয়ান ভাই এতে কত টাকা কামাচ্ছে। বিসিবি পরিচালকদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা দুঃখজনক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন