চার সেঞ্চুরিতে নতুন উচ্চতায় গিল

চার সেঞ্চুরিতে নতুন উচ্চতায় গিল

ইংল্যান্ডের মাটিতে রানের ফোয়ারা ছুটিয়েই চলেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ভারতীয় অধিনায়ক। এবার কয়েকটি রেকর্ডে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। ম্যানচেস্টারে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ইংল্যান্ডের মাটিতে এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়লেন গিল। ১০৩ রানের ইনিংস খেলার পথে এ কীর্তি গড়েন গিল। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে ৭ ইনিংসে ৬৩১ রান করেছিলেন তিনি। ভারতীয়দের মধ্যে গিলের পেছনে রাহুল দ্রাবিড়। ২০০২ সালে ৬ ইনিংসে ৬০২ রান করেন ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়।

এই সিরিজে এখন পর্যন্ত ৭২২ রান করেছেন গিল। তাতে এক সিরিজে ৭০০ বা ততোধিক করা তৃতীয় ভারতীয় হলেন গিল। তার আগে এই কীর্তি ছিল দুজনেরÑ সুনীল গাভাস্কার ও যশস্বী জয়সওয়ালের। ২০২৪ সালে ঘরের মাঠে ৯ ইনিংসে ৭১২ রান করেছিলেন জয়সওয়াল। গাভাস্কার ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৮ ইনিংসে করেন ৭৭৪ রান। একই সঙ্গে গিল হয়ে গেলেন ইংল্যান্ডে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করা ভারতীয় অধিনায়ক। ২০১৬ সালে ইংল্যান্ড সফরে কোহলি করেছিলেন ৬৫৫ রান।

বিজ্ঞাপন

এদিন আরো একটি রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। সিরিজে এক ডাবল সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন তিন সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এক সিরিজে চার সেঞ্চুরিতে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পাশে বসেছেন তিনি। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারত সফরে ৬ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন স্যার ডন। আর ১৯৭৮-৭৯ মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ ইনিংসে চারটি সেঞ্চুরি করেন গাভাস্কার।

চলতি সিরিজে আরো একটি টেস্ট বাকি। সুতরাং গিলের সামনে দুজনকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর বা একক আধিপত্যের সুযোগ রয়েছে। এক সিরিজে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। ১৯৫৫ সালে ওয়ালকট অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন