২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সার্বিয়াকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিলো ইংল্যান্ড। তাতে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের দিকে আরেকটু এগিয়ে গেল টমাস টুখেলের দল। সার্বিয়ার মাঠে জয়ের ম্যাচে একটি করে গোল করেছেন হ্যারি কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস র্যাশফোর্ড।
এই জয়ে কে গ্রুপে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করলো ইংল্যান্ড। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১৫। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আলবেনিয়া। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে সার্বিয়া। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে লাটভিয়া। টানা পাঁচ হারে পয়েন্ট টেবিলের তলানিতে অ্যান্ডোরা।
গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। সেই হিসেবে আর পাঁচ পয়েন্ট পেলেই সেটা নিশ্চিত হবে টুখেলের দলের। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় ৪ পয়েন্ট হলেও ফুটবলের মহারণে জায়গা করে নেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন কেবল সময়ের অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

