সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তান- কোথাও সিরিজ জয়ের সুযোগ পায়নি বাংলাদেশ। প্রতি ম্যাচেই নতুন করে প্রশ্ন উঠছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট নিয়ে। সেই ব্যাটিং ব্যর্থতার দায় নিয়ে আজ ফের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসের দলের সামনে। হোয়াইটওয়াশ এড়ানোর এই ম্যাচে অন্তত দুটি পরিবর্তন নিয়ে আজ রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তান- কোনো জায়গায় ব্যাটিংয়ে দারুণ কিছু করতে পারেনি বাংলাদেশ। ওপেনিংয়ে প্রতি ম্যাচেই ঝোড়ো শুরু পাচ্ছে বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত আর ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশ। সেই ব্যর্থতায় প্রতি ম্যাচেই দেড়শর আগে আটকে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের ইনিংস। ওপেনিংয়ে প্রতিনিয়ত ঝোড়ো শুরু এনে দেওয়া তানজিদ তামিমের সঙ্গী পারভেজ হোসেন ইমন পাচ্ছেন না ভালো শুরু। আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরির পর থেকেই রানখরায় ভুগছেন তিনি।
ফলে ওপেনিং স্লটে আসতে পারে পরিবর্তন। লাহোরে সাইড বেঞ্চ গরম করা নাজমুল হোসেন শান্তকে সুযোগ দেওয়া হতে পারে এই ম্যাচে। সেক্ষেত্রে ফের ওপেনিংয়ে নামতে পারেন অধিনায়ক লিটন দাস।
মিডল অর্ডারে তাওহিদ হৃদয়-শামীম পাটোয়ারী কিংবা জাকের আলী অনিকরা কোনোদিনই ধরতে পারছেন না হাল। ফলে ব্যাট হাতে ভালো শুরুর ফল স্কোরকার্ডে পাচ্ছে না বাংলাদেশ। ফলে সিরিজের শেষ ম্যাচে জয় পেতে মিডল অর্ডারে পরিবর্তনের কোনো বিকল্প নেই। মিডল অর্ডারের ঘাটতি মেটাতে সুযোগ পেতে পারেন শেখ মাহেদি।
বোলিং আক্রমণেও বাংলাদেশ খুব একটা ছন্দে নেই। নিজেদের ইকোনমি ঠিকভাবে ধরে রাখতে পাচ্ছেন না বাংলাদেশি বোলাররা। তাদের ছন্নছাড়া বোলিংয়ে প্রতি ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে রানপাহাড় গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বোলিং ভাগ্য বদলাতে এবার আক্রমণে আসবে পরিবর্তন। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না শরিফুল ইসলাম।
সেক্ষেত্রে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তিন পেসার খেলালে শরিফুলের বদলি হতে পারেন খালেদ আহমেদ। হাসান মাহমুদ-তানজিম হাসান সাকিবের ভাগ্য নির্ধারিত হবে তিন পেসার নাকি দুজনে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট তার ওপরে। দুই পেসার খেললে অবশ্য খালেদকেও থাকতে হতে পারে সাইডবেঞ্চে। সেক্ষেত্রে স্পিন আক্রমণে রিশাদ-মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদির সঙ্গী হতে পারেন স্পিনার তানভীর ইসলাম। শেখ মাহেদি কিংবা তানভীরকে সাইডবেঞ্চে রাখার সিদ্ধান্ত হলে তিন পেসার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তান- কোথায় টস ভাগ্য বাংলাদেশের পক্ষে কথা বলেনি। টস ভাগ্যের সঙ্গে সঙ্গে ম্যাচ ভাগ্যও গেছে বাংলাদেশের বিপক্ষে। এবার টস আর ম্যাচভাগ্য বদলাতে পারে কি না সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

