সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের মুখোমুখি আজ ভুটান

বাংলাদেশের মুখোমুখি আজ ভুটান

এবারের অনূর্ধ্ব-১৭ নারী সাফ হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। চার দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। আর দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের অর্জন ৯ পয়েন্ট। দুদলেরই দুটি করে ম্যাচ বাকি। এই নারী বয়সভিত্তিক সাফে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সমীকরণটা সহজ নয়। আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জয়ের পর ভারতকে হারাতে হবে অর্পিতা বিশ্বাসদের। টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ জিতলেই শিরোপার চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নেবে বাংলাদেশ। তখন বাংলাদেশ ও ভারতের পয়েন্ট হবে সমান ১৫ করে। নিয়ম অনুযায়ী, দুদলের পয়েন্ট সমান হলে টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে শিরোপা।

শিরোপা জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই সাফে খেলছে বাংলাদেশ নারী দল। কোচ মাহবুবুর রহমানের দলের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারায় তারা। তবে পরের ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে বসে বাংলাদেশ। এরপর নেপালকে প্রথম দেখায় ৩-০ এবং দ্বিতীয় দেখায় ৪-১ গোলে হারিয়ে শিরোপার রেসে টিকে রয়েছে নারী দল। আজ ভুটানের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছেন দলের কোচ মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ভুটানকে হারিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেয়েরা সেভাবেই খেলবে। দলের সবাই সুস্থ রয়েছে, মাঠে নামতে উদগ্রীব হয়ে আছে।’ আগামী রোববার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেটাই হবে বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনাল।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন