আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক দিন। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পেয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী নারী ফুটবল দল। প্রথমবারের মতো দেশের কোনো ক্রীড়া দল এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুরস্কার তুলে দেন অধিনায়ক সাবিনা খাতুন ও সহ-অধিনায়ক মারিয়া মান্দার হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অন্য ফুটবলাররাও। পরে প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে চ্যাম্পিয়ন দলের বাকি সদস্যরাও মঞ্চে উঠেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্রেমবন্দি হন।
একুশে পদকের জন্য শুরুতে ১১ জন ফুটবলারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শেষে ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে কোচ ও কর্মকর্তাসহ ৩২ জন অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি পান। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন দেশের কন্যারা।
পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত নারীরা-
রুপনা চাকমা, ইয়ারজান বেগম, মিলি আক্তার, মাসুরা পারভীন, কোহাতি কিসকু, আফিদা খন্দকার, নিলুফা ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, আইরিন আক্তার, মাতসুশিমা সুমাইয়া, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মোসাম্মাৎ সাগরিকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

