আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিচেল ওয়েন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৬ সদস্যের দলে অভিষেকের অপেক্ষায় আছেন ম্যাথু কুনেমান।
ক্যারিবিয়ান সফর দিয়ে টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরছেন মিচেল মার্শ। চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও কুপার কনোলিও। দল থেকে বাদ পড়েছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, মার্কাস স্টয়নিস ও জেভিয়ার বার্টলেট। বিশ্রামে রাখা হয়েছে প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ককে।
তিন টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি খেলতে জুনের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজে যাবে অস্ট্রেলিয়া। সাদা পোশাকের সিরিজ শেষে আগামী ২০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। প্রথম দুই ম্যাচ হবে জ্যামাইকায়, বাকি তিনটি হবে সেইন্ট কিটসে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেজেলউড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

